
নবায়নযোগ্য উৎস থেকে আগামী দুই বছরের মধ্যে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, নবায়নযোগ্য উৎস থেকে আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে আরও ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে।
কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের ১০টি প্রকল্প বন্ধ করায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চলে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ওই পরিমাণ অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে আসছে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সভায় মঙ্গলবার এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাত সদস্যের দলের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিশ্বব্যাংকের আট সদস্যের প্রতিনিধিদলের পক্ষে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার নেতৃত্ব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তসীমান্ত বাণিজ্য, আঞ্চলিক বিদ্যুৎ অঞ্চল, বিদ্যুৎ খাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাজার, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি ও ই-মবিলিটি নিয়ে আলোচনা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। এ সময় জ্বালানি খাতের বিদ্যমান ও আগত প্রকল্প নিয়েও কথা হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি কার্যক্রম প্রায় চূড়ান্ত। নেপাল ও ভুটান থেকে আরও জলবিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা আছে। ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টিও সক্রিয় বিবেচনায় আছে। এ ক্ষেত্রে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে পারে বিশ্বব্যাংক।
বিদ্যুৎ–চালিত গাড়ির প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ–চালিত গাড়ির প্রসারেও বিদ্যুৎ বিভাগ উদ্যোগী হয়ে কাজ করছে। ইতিমধ্যে বিদ্যুৎ–চালিত গাড়ির নীতিমালা তৈরি করা হয়েছে। বাংলাদেশে প্রায় ৪০ লাখ ব্যাটারিচালিত ত্রি-চাকার যান আছে। এখানে লেড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা প্রয়োজন। সঞ্চালনের বিদ্যুৎ লাইন বেসরকারি খাতে দেওয়ার জন্যও বিদ্যুৎ বিভাগ কাজ করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল আলম, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে শেক, অপারেশন ম্যানেজার দানদান চেন ও অপারেশন অ্যাডভাইজার গায়েল মার্টিন।