রাজধানীর শ্যামপুরে বিক্রমপুর প্লাজার সামনে জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণের আওতাধীন শ্যামপুর থানা
রাজধানীর শ্যামপুরে বিক্রমপুর প্লাজার সামনে জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণের আওতাধীন শ্যামপুর থানা

ফ্যাসিবাদের দোসরদের মিছিল করতে দেখলে প্রতিহত করুন: নুরুল হক

আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর)। তিনি বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে, তাদের বিরুদ্ধেও সোচ্চার থাকার কথাও বলেছেন তিনি।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এবং নিহত ব্যক্তিদের স্মরণে আজ শুক্রবার বিকেলে জনসভায় নুরুল হক এসব কথা বলেন। রাজধানীর শ্যামপুরে বিক্রমপুর প্লাজার সামনে এই জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণের আওতাধীন শ্যামপুর থানা। জনসভায় গণ–অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনায় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

জুলাইয়ে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে উল্লেখ করেন নুরুল হক বলেন, আওয়ামী লীগের নেতা–কর্মীরা গণ–আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে কর্মসূচি দিচ্ছেন। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ভারতকে বলব, গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান।

জুলাই গণ–অভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি অভিযোগ করে গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে সরকার যেন এমন কিছু না করে, যাতে জনগণ এই সরকারের বিপক্ষে অবস্থান নেয়। সরকারকে জনগণের পালস বুঝে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

গণহত্যার বিচার কি আওয়ামী লীগকে জেলের বাইরে রেখে হবে—এমন প্রশ্ন তুলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের দেখছি না। এখনো পুলিশ-প্রশাসন-সরকারে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। গণহত্যার পরেও সরকারের এই আচরণ দুঃখজনক।

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।