বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ

বিমানের যান্ত্রিক ত্রুটি সারল ৫ ঘণ্টা পর, নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

জাপানের নারিতা থেকে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে এই বিলম্ব হয়।

আজ বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা একজন সদস্য প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি।

ত্রুটি সারানোর পর স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে উড়োজাহাজটি যাত্রার জন্য প্রস্তুত হয়। এরপর পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

এর আগে বিকেল পাঁচটার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল কাজ করছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও পৌঁছান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যান তিনি। সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।

পরে বিমানের জনসংযোগ বিভাগ রাত ৮টা ৩৪ মিনিটে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭ জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে নিরাপদে উড্ডয়ন করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উড়োজাহাজটি বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে। ফ্লাইটটি ৩০ অক্টোবর রাত ৩টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। বিমানের প্রকৌশলীরা ও জাপানের টেকনিশিয়ানরা ত্রুটি মেরামত করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের উপব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।