স্ত্রীর ডিভোর্সের (বিবাহবিচ্ছেদ) হুমকিতে পুরান ঢাকায় শাহাদত হোসেন (৩২) নামের এক যুবক নিজের গায়ে আগুন দিয়েছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে তাঁর শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় দুই ব্যক্তি দগ্ধ শাহাদতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, তিনি লালবাগের পোস্তায় শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর স্ত্রী জেসমিন বেগম তাঁকে ডিভোর্স দিতে চান। এ নিয়ে বিরোধের জেরে ক্ষোভে তিনি শ্বশুরবাড়ির ভেতরেই নিজের গায়ে আগুন দেন। এতে তাঁর পুরো শরীর পুড়ে যায়। তবে আগুন লাগার পর শ্বশুরবাড়ির কেউ তা নেভাতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, আগুনে শাহাদতের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, যে দুই ব্যক্তি শাহাদতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাঁরা ওষুধ কেনার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেননি। বিষয়টি খতিয়ে দেখার জন্য চকবাজার থানাকে জানানো হয়েছে।