
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, একজন সুস্থ মানুষের প্রতিদিন ২৫০ মিলিলিটার করে দুধ খাওয়া উচিত। ‘সুপার ফুড’ বা সর্বগুণসম্পন্ন খাবার হিসেবে বিবেচনা করা হয় দুধকে। প্রতিদিন এক গ্লাস দুধ পান করলে ঘুম ভালো হয়, শরীরে বাড়ে রোগ প্রতিরোধক্ষমতা।
দুধের রকমারি পুষ্টিগুণ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সচেতনতা বাড়াতে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আড়ং ডেইরি আয়োজন করেছিল ভিন্নধর্মী আয়োজন ‘প্রতিদিন এক গ্লাস দুধ’। ১ জানুয়ারি খ্রিষ্টীয় বছরটি শুরু হয়েছিল রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে থাকা সদস্যদের প্রত্যেককে এক গ্লাস দুধ খাইয়ে। এরপর নতুন বছরকে স্বাগত জানিয়ে কাটা হয় কেক। এ ছাড়া সারা দিন আড্ডা, গান এবং পুরোনো দিনের স্মৃতিচারণাসহ নানামুখী আয়োজনে মুখরিত ছিল প্রবীণ প্রাঙ্গণ।
দুধ খাওয়া নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে প্রবীণ নিবাসের এক বৃদ্ধা বলেন, ‘আমার দাদি আমার মাকে প্রায়ই বকতেন—কেন নাতি–নাতনিদের খাঁটি দুধটুকু খাওয়াচ্ছ না, পানি মেশাও কেন? মা বলতেন, একটু পানি না মেশালে ওদের হজম হয় না। এ–কথা শুনে দাদি খুব রাগ করতেন। বলতেন, কেন, আমরা কি বাচ্চাদের বড় করি নাই! আমরা খাঁটি দুধ খাইয়েই তো বড় করেছি।’
উৎসবমুখর পরিবেশে এক গ্লাস দুধ খেয়ে উচ্ছ্বসিত প্রবীণ নিবাসের অন্য এক বৃদ্ধ। তিনি বলেন, ‘আমি যখন আগারগাঁওয়ে কোয়ার্টারে থাকতাম, গরু পালতাম শুধু দুধের জন্য। অফিস থেকে ফিরে আগে আমি গাভীটাকে দেখতে যেতাম। ও এসে আমার কাঁধে মাথা রাখত। এটাই বড় আনন্দের লাগত আমার কাছে। আমার মতে, এই বয়সেও যাদের সামর্থ্য রয়েছে, তাদের প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ খাওয়া দরকার।’
প্রবীণদের সঙ্গে সময় কাটানোর পর আড়ং ডেইরির সদস্যরা যান কড়াইল বস্তিতে। সেখানকার সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় আনন্দঘন বিকেল। ‘প্রতিদিন এক গ্লাস দুধ’ লেখা পতাকা নেড়ে সেখানকার শিশুরা প্রাণবন্ত করে তোলে চারপাশ। এরপর নির্দিষ্ট বুথ থেকে শিশুদের দেওয়া হয় এক গ্লাস করে দুধ। আনন্দে মেতে ওঠে তারা। মিতু নামের এক শিশুর কণ্ঠে উচ্ছ্বাস, ‘আমরা বেলুন উড়াইছি, পতাকা উড়াইছি, দুধ খাইছি, মজা করছি।’
আড়ং ডেইরির এই আয়োজনের সঙ্গে যুক্ত এক কর্মী বলেন, ‘দুধ খাওয়ার যে উপকারিতা তারা জানল বা আশপাশে তাদের অভিভাবকেরাও শুনল। এখন থেকে তারা চেষ্টা করবে, প্রতিদিন অন্তত এক গ্লাস করে দুধ তাদের বাচ্চাদের খাওয়াতে।’
এই ক্যাম্পেইন সম্পর্কে ব্র্যাক এন্টারপ্রাইজেসের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘মানবদেহে ভিটামিনের পাশাপাশি বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে দুধ। তাই আড়ং ডেইরির পক্ষ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আশা করব, যাদের সামর্থ্য রয়েছে, সবাই প্রতিদিন এক গ্লাস করে দুধ পান করবেন। সেটা যেকোনো ব্র্যান্ডের হতে পারে।’