
৩০ বছর ধরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়ে এলেও বাংলাদেশে তাদের অধিকার বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার ৫০ বছরেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা বঞ্চনা থেকে মুক্তি পায়নি। ভূমিগ্রাসী প্রভাবশালী রাজনীতিবিদেরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি দখল করছেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলে রাষ্ট্র ‘আদিবাসীদের’ নেতিবাচক পরিচিতি দিচ্ছে।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক মানববন্ধনে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের নেতারা এসব কথা বলেন। ‘বনাঞ্চল থেকে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করা এবং নারী নির্যাতন, ভূমি দখল ও অত্যাচার নিপীড়নের প্রতিবাদে’ এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ইউনিয়নের সহসভাপতি রাখী মং। তিনি বলেন, রাষ্ট্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার কেড়ে নিয়েছে। বলা হচ্ছে, দেশে কোনো আদিবাসী নেই। ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলে রাষ্ট্র আদিবাসীদের নেতিবাচক পরিচিতি দিচ্ছে। তাহলে পার্বত্য চট্টগ্রাম ও সমতলে বাঙালি ছাড়াও অন্তত যে ৫০টি জাতি আছে, তারা কী? আদিবাসীদের আদিবাসী বলতে রাষ্ট্রের এত ভয়-সংকোচ কেন? স্বাধীন বাংলাদেশ অর্জন ও দেশগঠনে আদিবাসীদের অবদান ভুলে রাষ্ট্রযন্ত্রই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্বের বিলুপ্তিকরণ করছে। রাষ্ট্রের উচিত ছিল পূর্ণ মর্যাদা ও স্বীকৃতি দিয়ে ‘আদিবাসীদের’ বসবাসের অধিকার প্রতিষ্ঠা করা, কিন্তু তা কেড়ে নেওয়া হচ্ছে। ভূমিগ্রাসী প্রভাবশালী রাজনীতিবিদেরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি দখল করছেন।
আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবেই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান রাখী মং। তিনি বলেন, ‘আদিবাসীদের’ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তাদের বন ও ভূমির সমস্যা সমাধানে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের উচ্ছেদ করে বন বিভাগের নেওয়া ইকোপার্ক ও লেক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অপচেষ্টা বন্ধ করতে হবে। সারা দেশে এসব জাতিগোষ্ঠীর নারী-শিশু ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্র সবার অভিভাবক। সেই রাষ্ট্র যদি সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করে, তাহলে অন্য জাতিগোষ্ঠীর মানুষও তাদের বাঁকা চোখে দেখে এবং তাদের ভূমি দখল, নির্যাতন-ধর্ষণে দ্বিধা করে না। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে জাতিগোষ্ঠীর মানুষ যেন সমান সুযোগ নিয়ে বাঁচতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেন আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা আসলাম খান। তিনি বলেন, ‘দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা ভালো নেই। তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, নানাভাবে নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস অধিকার আদায়ের অঙ্গীকারের দিবস। সেই অঙ্গীকার নিয়ে আজ থেকে টাঙ্গাইলের মধুপুর, দিনাজপুর, নওগাঁ, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে জাতিগোষ্ঠীর মানুষের ওপর নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি। মধুপুরে বন উচ্ছেদ করে ইকোপার্ক ও লেক নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’
মানববন্ধনে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের একাংশের দপ্তর সম্পাদক রেজোয়ান হক বলেন, ‘আদিবাসীদের’ সাবিধানিক স্বীকৃতি দিতে হবে। তাদের ভূমির অধিকার ফিরিয়ে দিতে হবে। এসব জাতিগোষ্ঠীর ও সংখ্যালঘু নির্যাতনের সুষ্ঠু বিচার করতে হবে। সাঁওতাল নেতা আলফ্রেড সরেণ হত্যার বিচার করতে হবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে আদিবাসী ইউনিয়নের নেতা অনন্যা বনোয়ারি, আদিবাসী ইউনিয়নের শেরপুর (বগুড়া) উপজেলা শাখার সভাপতি সন্তোষ মাহাতো ও হাজং স্টুডেন্ট কাউন্সিলের নেতা নাঈম হাজং বক্তব্য দেন।