আদালত
আদালত

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান কারাগারে

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিনি জামিনে ছিলেন। এ মামলায় ৩০ জানুয়ারি রায় ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক আবু তাহের এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের স্টেনোগ্রাফার মেহেদী হাসান।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মুহাম্মদ মিজানুর রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় আজ যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। এ মামলায় জামিনে ছিলেন মিজানুর। আদালত তাঁর জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৩০ জানুয়ারি এ মামলায় রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। দুদকের পক্ষে মামলা পরিচালনা করছেন রুহুল আমিন খান।

১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ আগস্ট মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৩ অক্টোবর সম্পদবিবরণী জমা দিতে মিজানুরকে নোটিশ পাঠিয়েছিল দুদক। পরে ওই বছরের ১৯ নভেম্বর তিনি দুদকে সম্পদের হিসাববিবরণী জমা দেন।