‘চাল নিতে এমন যুদ্ধ আগে দেখিনি’

দীর্ঘ অপেক্ষার পর ট্রাক আসতেই হট্টগোল লেগে যায় চাল কিনতে আসা মানুষের মধ্যে। এ সময় লাইন থেকে ছিটকে যান অনেকে। আজ সকাল ১০টায় চট্টগ্রাম নগরের বিটাক মোড়ে
ছবি: জুয়েল শীল

কেউ এসেছেন সকাল ছয়টায়, আবার কেউ এসেছেন সাতটায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তাপ। সেই রোদ মাথায় নিয়েই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রির (ওএমএস) ট্রাক থেকে চাল কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর চাল নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন কেউ। আবার ভিড়ের সঙ্গে না পেরে খালি হাতে ফেরত যাচ্ছেন কেউ।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার বিটাক মোড়ে ওএমএস ট্রাকের সামনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। একপর্যায়ে লেগে যায় হট্টগোল। এ সময় অনেকে গরম থেকে স্বস্তি পেতে ভিড় ছেড়ে ফুটপাতে বসে পড়েন। এতে তাঁরা ভিড়ের পেছনে পড়ে যান।

অনেকে শিশুসন্তানকে কোলে নিয়ে লাইনে দাঁড়ান

ভিড় ঠেলে চাল নিয়েছেন আবেদুর রহমান। বের হয়ে তিনি জানালেন, ‘চালের জন্য এমন যুদ্ধ আগে দেখিনি। ভিড়ের ভেতর থেকে বেঁচে ফিরেছি, এটাই বেশি। ভিড়ের কারণে দম বন্ধ হয়ে আসছিল। অপেক্ষা করেছি তিন ঘণ্টার বেশি হয়েছে।’

মিনতি দাশ নামের এক নারী জানান, তিনবার লাইনে দাঁড়িয়ে তিনবারই ছিটকে গেছেন তিনি। রোদের তাপ সহ্য করতে পারছেন না আর। তাই ফেরত যাচ্ছন।

এক ঘণ্টা অপেক্ষার পর বিটাক এলাকায় দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শকের সহায়তায় চাল পেয়েছেন ঝুনু দে। তিনি দাবি করেন, তাঁর বয়স ৯০ বছর। বলেন, তিন ছেলে আছেন। কিন্তু কেউই তাঁকে দেখেন না। স্বামীহারা মেয়ের ঘরে থাকেন। মেয়ে লোকলজ্জার ভয়ে চাল নিতে আসে না। পাঁচ কেজি চাল পেলে ভাত খেতে পারবেন কয়েকটা দিন। তাই এই বয়সেও এত কষ্ট করে এসেছেন। তবে চাল নিতে এমন যুদ্ধ আগে দেখেননি দাবি করেন তিনি। ভিড়ের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়েন। তাই খাদ্য পরিদর্শকের সহায়তায় চাল পেয়েছেন।

লাইন থেকে ছিটকে পড়া ঝুনু দে পরে খাদ্য পরিদর্শকের সহায়তায় চাল পেয়েছেন

লাইনে দাঁড়ানো সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন অবস্থা আগে কখনো হয়নি। আজকের মতো বিশৃঙ্খলা আগে দেখেননি তাঁরা। গরম ও ভিড়ে ধাক্কাধাক্কি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। বাসা কাছে হওয়ায় খালি হাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের।

বিক্রেতারা জানান, নারীরা হাতাহাতি পর্যায়ে চলে যান নিজেদের মধ্যে। সবাই আগে আগে চাল পেতে চান। ভিড়ের ধাক্কার কারণে অনেক সময় বিক্রেতারাও আহত হন।

লাইনে দাঁড়ানো অন্তত ১৫ নারীর কোলে আড়াই মাস থেকে আড়াই বছরের শিশু ছিল। বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুসন্তান কোলে থাকা নারীদের অগ্রাধিকার দেওয়া হয় ওএমএস ট্রাকে। তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাচ্চার কথা ভেবে খালি হাতে ফিরে গেছেন কয়েকজন। নারীদের লাইনে দাঁড়ানো প্রায় সবাই পেলেও আটজন পাননি।

ওএমএস ট্রাকের সামনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়

দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শক মো. আবদুর রহমান খান প্রথম আলোকে বলেন, এই এলাকায় নিম্ন আয়ের মানুষ অনেক বেশি। চালের চাহিদা আরও বাড়ছে। তবে সুশৃঙ্খলভাবে চাল নিতে চান না তাঁরা। নারীদের লাইন দুটি করতে হয়েছে। তারপরও তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়াননি।

বিটাক এলাকায় আজ খালি হাতে ফেরত গেছেন অন্তত ২৫ জন। চাহিদা বাড়লেও নগরে এখনো বাড়েনি প্রতিদিনের বরাদ্দ। নগরের ৪১টি ওয়ার্ডে এখনো ট্রাকের সংখ্যা কেবল ১৪। একটি ট্রাকে ৪০০ জনের চাল থাকলেও চাল প্রত্যাশায় থাকেন আরও ৬০ থেকে ৭০ জন। এলাকাভেদে সে সংখ্যা পৌঁছায় ১০০ থেকে দেড় শতে।