শেখ তাসনিম আফরোজ (ইমি)
শেখ তাসনিম আফরোজ (ইমি)

ঢাকা বিশ্ববিদ্যালয়

তাসনিম আফরোজের মুক্তির দাবিতে ছাত্রশক্তি নেতার অবস্থান কর্মসূচি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর জেরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় ছাত্রশক্তির একজন কেন্দ্রীয় নেতা। সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মিশু আলী সুহাশ।

কর্মসূচিতে সুহাশ বলেন, ৭ মার্চের ভাষণ বাজানোর জেরে শেখ তাসনিম আফরোজ ইমিকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর প্রশ্ন, ‘৭ মার্চের ভাষণ বাজানো তো কোনো অপরাধ নয়। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন কীভাবে কার্যকর হয়?’ এ সময় তিনি ইমির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর দ্রুত মুক্তির দাবি জানান।

সুহাশ আরও বলেন, ‘তাঁর (ইমির) বিরুদ্ধে যদি কোনো সন্দেহ থাকে বা আওয়ামী লীগ (বর্তমানে নিষিদ্ধ) তাঁকে পৃষ্ঠপোষকতা করছে বলে মনে হয়, তবে তাঁকে জবাবদিহির আওতায় আনা হোক। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিক।’ ইমির ওপর অন্যায় ও জুলুম করা হচ্ছে দাবি করে তিনি বলেন, এই নিপীড়নের প্রতিবাদেই তিনি অবস্থান নিয়েছেন।

তবে এই কর্মসূচি সংগঠনের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয় বলে জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘মিশু আলী সুহাশ ছাত্রশক্তির পদে থাকলেও এই অবস্থান কর্মসূচি আমাদের সংগঠনের কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম নয়।’