
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স কনজ্যুমার ইলেকট্রনিকসের ব্যবসায় যুক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আকিজ কনজ্যুমার ইলেকট্রনিকস লিমিটেডের অধীন ‘অর্কা’ ব্র্যান্ডের প্রথম আউটলেট উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ক্লাস্টার সিইও শাহরিয়ার ইশতিয়াক হালিম, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার সিএফও আশফাক হোসেন চৌধুরী, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে আউটলেটক্রেন্দ্রিক এবং গ্লোবাল ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে অর্কা ব্র্যান্ডের নামে বাংলাদেশে পণ্য উৎপাদন এবং বাজারজাত করার পরিকল্পনা রয়েছে শিল্পগ্রুপটির।
আকিজ কনজ্যুমার ইলেকট্রনিকস লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. আবু তারিক জিয়া চৌধুরী বলেন, ‘আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশজুড়ে আমাদের অসংখ্য ও বিশ্বস্ত গ্রাহক ও শুভানুধ্যায়ী রয়েছেন। তাঁদের উন্নত সেবা ও মানসম্মত পণ্য দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ।’
অনুষ্ঠানে জানানো হয়, অর্কা হবে একটি কমপ্লিট হোম অ্যাপ্লায়েন্স ও অফিস সলিউশন। এখানে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ওভেনসহ নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাবে। স্যামসাং, এলজি, হিটাচি, হায়ার, ওয়ার্লপুল, প্যানাসনিক, ফিলিপসসহ বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডের পণ্যও এখানে পাওয়া যাবে।