চাকরি স্থায়ী করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন রেলের অস্থায়ী শ্রমিকেরা

স্মারকলিপি দিতে যাওয়ার আগে রেলের অস্থায়ী শ্রমিকের
ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ী করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, রেলওয়ের জনবলসংকটের কারণে শূন্য পদের বিপরীতে অস্থায়ী শ্রমিক হিসেবে তাঁরা নিয়োগ পেয়েছেন। অস্থায়ী শ্রমিকেরা রোদ-বৃষ্টি ও জীবনের নানা ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ২৫–২৬ বছর বয়সে তাঁরা চাকরিতে যোগ দিয়েছিলেন। এরপর ৩ থেকে ১৬ বছর পর্যন্ত বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছেন তাঁরা। অস্থায়ী শ্রমিক হিসেবে গেটকিপার, ওয়েম্যান, খালাসি ও পোর্টার পদে নিয়োজিত আছেন। তাঁদের এখন যে বয়স, তাতে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই।

অস্থায়ী শ্রমিক হওয়ার কারণে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এখন যদি তাঁদের বাদ দেওয়া হয় তাহলে তাঁদের মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই। চাকরি হারানোর ভয় নিয়ে কাজ করছেন তাঁরা। এখন রেলওয়েতে আউটসোর্সিং খাতে লোক নিয়োগের প্রক্রিয়া চালু হয়েছে। এতে অস্থায়ী শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আউটসোর্সিং খাত বাতিল করার দাবি জানানো হয়। আর তাঁদের আত্তীকরণের অনুরোধ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সমন্বয়ক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, রেলওয়েতে বর্তমানে ৬ হাজার ৭২৯ জন অস্থায়ী শ্রমিক আছেন। বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তাঁদের স্থায়ী করা হয়নি। এবার চাকরি স্থায়ী করার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। পরে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকেও স্মারকলিপি দেন তাঁরা।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন শ্রমিকনেতা শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ হোসেন, মো. শাওন, মো. জুয়েল খান, জসিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।