বিদায়ী কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন
বিদায়ী কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন

সশস্ত্র বাহিনীতে ফেরত যাচ্ছেন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সশস্ত্র বাহিনীতে ফেরত যাচ্ছেন। এ জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাঁকে নতুন একটি পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ বুধবার ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানোর আদেশ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে বর্তমান প্রেষণ পদ থেকে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।

মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

এদিকে কারা অধিদপ্তরের এক বার্তায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। তিনি বিগত দুই বছর কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিরক্ষা শাখার উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনের নিয়োগ অনুমোদন করেছে সরকার।