জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদকে হত্যার অভিযোগে করা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, পলাতক ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদ্ঘাটনে প্রত্যেকের সাত দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদকে আটক করা হয়। সেদিনই মোহাম্মদপুরের বছিলা থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়িতে জননী কুরিয়ার সার্ভিসের পাশে ওরিয়েন্টাল কোভান অ্যাপার্টমেন্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। ওই সময় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ তাঁর কর্মস্থল (জননী কুরিয়ার সার্ভিস) থেকে বের হয়ে মিছিল দেখছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু আহমেদ (২৪) গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। স্থানীয় লোকজন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রাজুর বাবা ২০২৪ সালের ২৭ আগস্ট মামলা দায়ের করেন।