মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ, খালে খুঁজছে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রাম নগরের বাকলিয়ার আজিজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তার নাম আলিফ হোসেন (১০)। গতকাল মঙ্গলবার দুপুর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছে না। তবে মাদ্রাসার পাশের একটি খালে শিশুটি পড়ে গেছে, এমন খবর পেয়ে আজ বুধবার সন্ধ্যা ছয়টায় খালটিতে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক আবদুর রাজ্জাক আজ রাতে প্রথম আলোকে বলেন, রাত নয়টা পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি। নিখোঁজ আলিফ হোসেন কুমিল্লার ক্ষুদ্র ব্যবসায়ী মো. রাসেলের সন্তান। সে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

তবে শিশুটি নালায় পড়েছে নাকি অন্য কোথাও গেছে, তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম। তিনি প্রথম আলোকে বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার এক দিন পর মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

ওসি আরও বলেন, একটি সাততলা ভবনের চারতলা থেকে সাততলা পর্যন্ত মাদ্রাসাটির কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার দুপুরে শিশুটি মাদ্রাসার ভবনের পাইপ বেয়ে নেমেছে বলে দাবি করা হচ্ছে। ভবনটির পাশে যে খাল রয়েছে, সেটি ময়লা–আবর্জনায় ভরা। ১০ বছর বয়সী শিশুটি খালে পড়লে তলিয়ে যাওয়ার কথা নয়। ফলে খালে পড়ে নিখোঁজ নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।