
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, দেশে ইটভাটার সংখ্যা ৭ হাজার ৮৮১। এর মধ্যে ৩ হাজার ২৪৮টি বৈধভাবে পরিচালিত হচ্ছে। আর ৪ হাজার ৬৩৩টি ইটভাটা পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত। এই হিসাব গত বছরের জুন পর্যন্ত।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য মামুনুর রশীদের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
মন্ত্রী জানান, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১ হাজার ৭৭২টি অভিযান পরিচালনা করে ৩ হাজার ৩৭টি ইটভাটা থেকে ৭৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৯০৭টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ৮০ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশের শহরগুলোয় দৈনিক প্রায় ৩০ হাজার টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। ২০২৫ সালে দৈনিক বর্জ্য ৪৭ হাজার টনে উন্নীত হবে। কঠিন বর্জ্যের প্রায় ১০ শতাংশ বা তিন হাজার টন প্লাস্টিকজাত।
শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, কৃষি নমুনা শুমারি (শস্য) ২০২০ অনুসারে বর্তমানে দেশে মোট কৃষিজমির পরিমাণ ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৫৮৭ হেক্টর। এর মধ্যে চাষযোগ্য জমি ১ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৪২ একর।