রাজধানীর ব্র্যাক সেন্টারে আজ ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর: আর্থসামাজিক পরিবর্তনে নাগরিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অতিথিরা
রাজধানীর ব্র্যাক সেন্টারে আজ ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর: আর্থসামাজিক পরিবর্তনে নাগরিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অতিথিরা

আলোচনায় বক্তারা

বাংলাদেশের অগ্রগতিতে নাগরিক সংগঠনগুলোর ভূমিকা স্বীকার করতে হবে

স্বাধীনতার ৫২ বছরে বর্তমান বাংলাদেশে যে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, তার পেছনে নাগরিক সংগঠনগুলোর (সিএএসও) ভূমিকা রয়েছে। দেশের অগ্রগতির ইতিহাস বলতে গেলে এসব সংগঠনের অবদানকে স্বীকার করতে হবে।

‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর: আর্থসামাজিক পরিবর্তনে নাগরিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা। আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ওই প্রতিবেদন প্রকাশ করে ‘সিএসও অ্যালায়েন্স’ নামের একটি জোট।

বাংলাদেশে কর্মরত তিন শতাধিক বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সংগঠন, প্ল্যাটফর্ম, নারী আন্দোলন সংগঠন, মানবাধিকার সংগঠন, সামাজিক উদ্যোক্তা ও গবেষণা সংস্থাগুলো নিয়ে ওই জোট গড়ে তোলা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনটিকে দেশের অগ্রগতিতে নাগরিক সংগঠনগুলোর অগ্রন্থিত ভূমিকার প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করেছে জোটটি।

প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন সেটির মুখ্য গবেষক ও নীতিসহায়তা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, নাগরিক সংগঠনগুলোর কাজের ধরন ও প্রায়োগিক দিকের ওপর ভিত্তি করে কয়েকটি ক্ষেত্রে কাজগুলোকে ভাগ করা হয়েছে। সেগুলো হলো কৃষি খাতে উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা; ক্ষুদ্রঋণ অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন; মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন; স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা ব্যবস্থাপনা; জেন্ডার ও উন্নয়ন; পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস; পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন; পিছিয়ে পড়াদের মূলধারায় অন্তর্ভুক্তকরণ ও সামাজিক আন্দোলন।

সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, জাতির উন্নয়নের জটিল চিত্রপটে সমাজের আশা-আকাঙ্ক্ষা, প্রচেষ্টা ও অগ্রগতির সঙ্গে জড়িত নাগরিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আলোকপাত করার মাধ্যমে এই গবেষণায় বাংলাদেশের উন্নয়নের জটিল ও গতিময়তার চিত্রের গভীরে যাওয়ার চেষ্টা করা হয়েছে।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধ শুরুর আগেই ১৯৬৯ সাল থেকে নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ শুরু করে মহিলা সংগ্রাম পরিষদ। এর পাশাপাশি নারী নির্যাতনবিরোধী আইন ও যৌতুকবিরোধী আইনসহ নানা ক্ষেত্রে নারী সংগঠনগুলো ভূমিকা রেখেছে। তবে প্রতিবেদনে সবার নাম আলাদাভাবে লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। এ ছাড়া যাঁরা নিজ উদ্যোগে, নিজেদের অর্থ-শ্রমের বিনিময়ে মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন, তাঁদের ভূমিকাও স্মরণ করেন সুলতানা কামাল।  

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, বাংলাদেশে অনেক আর্থসামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে এসব কর্মকাণ্ড সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি। তার মানে এই নয় যে সেগুলো হয়নি। এত বছর পরে এসে সেসব বিষয় সংগ্রহ ও সংকলন করা বেশ জটিল কাজ। গত ৫০ বছরে বাংলাদেশে যে একটা সাংস্কৃতিক পরিবর্তন এসেছে, মানুষের উন্নয়ন থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন বা সমান অধিকারের ক্ষেত্রে যে উন্নতি হয়েছে—সেখানে নাগরিক সংগঠনগুলোর ভূমিকা সবাই কমবেশি জানে। বিশেষ করে যারা গ্রামীণ জনগোষ্ঠী, তারা জানে। এরপরও এটি নথিভুক্ত থাকাটা জরুরি ছিল।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সংবিধান অনুযায়ী একটি সমতাভিত্তিক, সম্প্রীতির ও মানবিক দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে মহিলা পরিষদ। তবে সমাজে এখনো অনেক বৈষম্য ও নারীবিরোধী মনোভাব রয়েছে।

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, স্বাধীনতা–পরবর্তী সময়ে একেকটা দশকে বাস্তবতা ছিল ভিন্ন। এই পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করে গেছে নাগরিক সংগঠনগুলো। এ সময় গত ৫০ বছরে কবি সুফিয়া কামাল, স্যার ফজলে হাসান আবেদ, ড. মুহাম্মদ ইউনূস, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক সালিমুল হকের মতো ব্যক্তিত্বদের অবদানের কথা তুলে ধরার তাগিদ দেন তিনি।  

এ ছাড়া সংবাদ সম্মেলনে সিএসও অ্যালায়েন্সের পক্ষ থেকে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, ন্যাশনাল অ্যালায়েন্স অব হিউম্যানিটেরিয়ান অ্যাক্টরস ইন বাংলাদেশের উপদেষ্টা এহসানুর রহমান, সিএসও অ্যালায়েন্স সেক্রেটারিয়েটের সমন্বয়ক ও ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) নির্বাহী প্রধান সাঈদ আহমেদ বক্তব্য দেন।