‘জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায্য বরাদ্দ, অংশীদারত্ব এবং বাস্তবায়ন ও মনিটরিং’ শীর্ষক আলোচনা সভার অংশগ্রহণকারীরা
‘জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায্য বরাদ্দ, অংশীদারত্ব এবং বাস্তবায়ন ও মনিটরিং’ শীর্ষক আলোচনা সভার অংশগ্রহণকারীরা

বাজেট প্রণয়ন থেকে বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

জাতীয় বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রতিটি ধাপে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজ সোমবার অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানানো হয়। রাজধানীর দ্য ডেইলি স্টার কার্যালয়ের আজিমুর রহমান হলে এ অনুষ্ঠান হয়।

‘জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায্য বরাদ্দ, অংশীদারত্ব এবং বাস্তবায়ন ও মনিটরিং’ শীর্ষক এই আলোচনায় সিআরডির গবেষণা দলের প্রধান গাজী সারওয়ার্দী বাজেট বিশ্লেষণমূলক সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, জাতীয় বাজেট অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলেও দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং আর্থসামাজিক উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

সমীক্ষায় পারিবারিক কৃষি, গ্রামীণ নারী, আদিবাসী জনগোষ্ঠী, যুবসমাজ, নগর দরিদ্র এবং ভূমি-জলা-কৃষি সংস্কার—এই ছয় খাতে বিশেষ বরাদ্দের সুপারিশ করা হয়। এর মধ্যে পারিবারিক কৃষকদের জন্য ১ লাখ ৯ হাজার ৭০৩ কোটি টাকা, গ্রামীণ নারীদের জন্য ১ লাখ ৪ হাজার ৪৫১ কোটি টাকা, আদিবাসীদের জন্য ৯ হাজার ১১৫ কোটি টাকা, যুব জনগোষ্ঠীর জন্য ৬১ হাজার ৮০৫ কোটি টাকা, নগর দরিদ্রদের জন্য ২৩ হাজার ১৭৭ কোটি টাকা এবং ভূমি সংস্কারসংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ২ লাখ ১৬ হাজার ৩১৮ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়।

গোলটেবিলের সঞ্চালনা করেন এএলআরডির উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক সোহরাব হাসান বলেন, রাষ্ট্রের অধিকাংশ মানুষই প্রান্তিক, কিন্তু বাজেটে তাদের প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হয় না। ন্যায্যতার ভিত্তিতে বাজেট বণ্টন নিশ্চিত করতে হবে। সাংবাদিক আবু সাঈদ খান বলেন, তৃণমূলের মানুষের অর্থেই রাষ্ট্র চলে। তাই বাজেট ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণ ও জনগণকেন্দ্রিক প্রতিনিধিত্ব জরুরি।

এ ছাড়া রাজশাহী, সাতক্ষীরা, চট্টগ্রাম, বরিশাল ও হাওর অঞ্চলের তৃণমূল প্রতিনিধিরা নিজ নিজ এলাকার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বাজেট প্রণয়নে সরাসরি জনগণের মতামত অন্তর্ভুক্ত করার দাবি জানান।