
চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে দলমত–নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
আজ রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চ্যুয়াল সভায় এ নির্দেশনা দেন আইজিপি।
সভায় আইজিপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে বাহারুল আলম বলেন, যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়।