ছাত্রীকে অপহরণের মামলায় শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার মঞ্জুরুল ইসলাম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে অপহরণের মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মঞ্জুরুল ইসলাম (৩৪) নগরের পাহাড়িকা বালিকা উচ্চবিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক। সোমবার বিকেলে বান্দরবান জেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। একই সঙ্গে ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ১১ বছর বয়সী ওই ছাত্রী।
২০১৮ সালের ১ জুলাই মঞ্জুরুল খণ্ডকালীন শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে যোগ দেন। তিনি ইসলাম ধর্ম ও সামাজিক বিজ্ঞান পড়াতেন। ছাত্রীটি ওই বিদ্যালয়ের শিক্ষার্থী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীকে বান্দরবানে নিয়ে যান ওই শিক্ষক। এ ঘটনায় ছাত্রীটির বাবা থানায় জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে বান্দরবানে অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রীকে শিক্ষকের কাছ থেকে উদ্ধার করে। এই ঘটনায় ছাত্রীর বাবার করা অপহরণ মামলায় শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।