সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

পূর্ণাঙ্গ আদেশে চেম্বার বিচারপতি

গণতন্ত্রী পার্টির প্রার্থীরা ভোটে থাকছেন, নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত দেবে ইসি

গণতন্ত্রী পার্টির নিবন্ধন–সংক্রান্ত বিরোধ পরবর্তী সময়ে নির্বাচন কমিশন (ইসি) আইন অনুযায়ী নিষ্পত্তি করতে পারবে বলে পূর্ণাঙ্গ আদেশে উল্লেখ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির ১০ প্রার্থীকে সংশ্লিষ্ট সংসদীয় আসনে ‘কবুতর’ প্রতীক নিয়ে অংশগ্রহণের নির্দেশ–সংবলিত পূর্ণাঙ্গ আদেশে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ সিদ্ধান্ত দেন।

আপিল বিভাগের চেম্বার আদালত গতকাল বুধবার ওই আদেশ দেন। পূর্ণাঙ্গ আদেশের কপি আজ বৃহস্পতিবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ইসির আইনজীবী আশফাকুর রহমান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টি। আরশ আলী ও শাহাদাত হোসেন উভয়ে নিজেদের দলটির সভাপতি দাবি করছেন। গণতন্ত্রী পার্টির ১২ জন মনোনয়নপত্র জমা দেন। বিভক্তির কারণে ১২ ডিসেম্বর ইসি দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে শুনানি করতে ইচ্ছুক কি না, তা ১৫ দিনের মধ্যে দুই পক্ষকে জানাতে বলা হয়। গণতন্ত্রী পার্টি নামের রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই উল্লেখ করে ১২ ডিসেম্বর ইসি অপর এক চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির কোনো পদধারীর দাখিল করা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানায়।

দলটির নিবন্ধন বাতিল ও প্রার্থিতা বাতিল বিষয়ে ১২ ডিসেম্বর ইসির গৃহীত পৃথক সিদ্ধান্তের বৈধতা নিয়ে এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশনা চেয়ে আরশ আলী মনোনীত ভূপেন্দ্র চন্দ্র ভৌমিকসহ সাতজন প্রার্থী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। হাইকোর্ট দলটির নিবন্ধন বাতিল ও আগ্রহী প্রার্থীদের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন। রিট আবেদনকারীদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। ফলে দলটির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া স্থগিত হয় এবং সাতজনের নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ইসি আপিল বিভাগে আবেদন করে, যা গত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন মনোনীত তিন প্রার্থী ইসির ওই আবেদনে পক্ষভুক্ত হতে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন জমা দেন। শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আদেশ দেন।

পূর্ণাঙ্গ আদেশে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, প্রার্থনা (ইসির) মতে, স্থগিতাদেশের (হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ) ওপর কোনো আদেশ দেওয়া হলো না। পক্ষভুক্তির (তিনজন) আবেদন মঞ্জুর করা হলো। হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ বহাল ও সংশোধন করে ১০ জনকে সংশ্লিষ্ট সংসদীয় আসনে কবুতর প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হলো। তবে দলটির রেজিস্ট্রেশন (নিবন্ধন) সংক্রান্ত বিরোধ পরবর্তী সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে পারবে।

ইসির আইনজীবী আশফাকুর রহমান প্রথম আলোকে বলেন, গণতন্ত্রী পার্টির নিবন্ধন এবং সাতজনকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া–সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ইসি আবেদনটি করে। তবে দলটির নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল হয়নি। নিবন্ধন বাতিল বিষয়ে কারণ দর্শাতে ওই চিঠি দেওয়া হয়েছিল। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ সংশোধন করে চেম্বার আদালত ৭ জনের পরিবর্তে ১০ জনকে প্রতীক বরাদ্দসহ নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দলটির নিবন্ধন নিয়ে যে বিরোধ তা পরবর্তী সময়ে নির্বাচন কমিশন নিষ্পত্তি করতে পারবে বলে সিদ্ধান্ত দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন নিয়ে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি নির্বাচন কমিশনই করবে।  

দুই পক্ষের ১০ প্রার্থী
নির্বাচনে আরশ আলী মনোনীত সাত প্রার্থী হলেন ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (কিশোরগঞ্জ-১), মো. আশরাফ আলী (কিশোরগঞ্জ-২), দেলোয়ার হোসেন ভূঁইয়া (কিশোরগঞ্জ-৩), মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া (নীলফামারী-৩), মিহির রঞ্জন দাশ (সুনামগঞ্জ-২), মো. খায়রুল আলম (পাবনা-৩) ও মো. মতিউর রহমান (খুলনা-২)। দলটির অপর অংশ মনোনীত তিন প্রার্থী হলেন শাহাদাত হোসেন (ঢাকা-৮), মঞ্জুরুল ইসলাম (বগুড়া-৪) ও হাফিজুর রহমান মিন্টু (ঢাকা-৫)।