
ভারতের প্রমোদতরি এমভি গঙ্গা বিলাস ১৫ দিন বাংলাদেশে অবস্থানের পর গতকাল শুক্রবার ভারতের আসামে গেছে। এটি ৩ ফেব্রুয়ারি সুন্দরবন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। গতকাল কুড়িগ্রামের চিলমারী বন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা হয়।
ভারতের বারানসি থেকে গত ১৩ জানুয়ারি যাত্রা শুরু করে গঙ্গা বিলাস। এটি বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত ২৭টি নদীর ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে ৫১ দিনে। বেসরকারি এই সেবার উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটিকে বিশ্বের দীর্ঘতম নৌবিহার বলা হচ্ছে।
অবশ্য প্রমোদতরিটির যাত্রা শুরুর দিনই যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান একটি নিবন্ধ প্রকাশ করে, যার শিরোনাম ‘গঙ্গা বিলাসে হুমকিতে পড়তে পারে গাঙ্গেয় ডলফিন, সতর্কতা বিশেষজ্ঞদের’। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, গাঙ্গেয় ডলফিনের মতো বাংলাদেশের ইরাবতী ডলফিনও সংকটে পড়তে পারে।
গার্ডিয়ান–এর নিবন্ধে বলা হয়, গঙ্গা বিলাসের যাত্রাপথে পড়বে উত্তর প্রদেশের কাইথি গ্রাম। সেখানে গঙ্গা ও গোমতী নদীর মোহনা বিপন্ন গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল। নিবন্ধে ভারতের বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টসের প্রতিবেশ বিশেষজ্ঞ জগদীশ কৃষ্ণস্বামীকে উদ্ধৃত করে বলা হয়, গাঙ্গেয় ডলফিন ‘বলতে গেলে চোখে দেখতে পায় না’। ঘোলা পানিতে চলতে ও খাবার খুঁজতে এরা ইকোলোকেশন ক্লিক (শব্দতরঙ্গের মাধ্যমে অবস্থান শনাক্ত) ব্যবহার করে। প্রমোদতরির চলাচল বৃদ্ধি এবং মালবাহী ও মোটরচালিত নৌযান চলাচলের কারণে শব্দদূষণ হলে ডলফিনগুলোর টিকে থাকা কঠিন হবে।
বাংলাদেশি একজন বিশেষজ্ঞ বলছেন, পৃথিবীতে প্রায় ১০ হাজার ইরাবতী ডলফিন আছে, যার ৮ হাজার রয়েছে বাংলাদেশের সুন্দরবন অংশে। সরকার ডলফিনের বসতি রক্ষায় সুন্দরবনের পাঁচটি এলাকাকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে—ডাঙ্গমারি, চাঁদপাই, দুধমুখী, ভদ্রা এবং শিবসা নদীর একটি অংশ। যে নৌপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী নৌযান চলাচল করেছে, তার মধ্যে ডাঙ্গমারি, ভদ্রা ও শিবসা অভয়ারণ্য পড়েছে।
বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী বিপন্ন প্রজাতির প্রাণীর বসতি এলাকায় তাদের স্বাভাবিক বিচরণ ও প্রজননের ক্ষতি হয় এমন কোনো কাজ করা নিষিদ্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, একসময় দেশের বেশির ভাগ নদ-নদীতে ডলফিন দেখা যেত। কিন্তু দূষণ ও নৌযান চলাচল বেড়ে যাওয়ায় তারা বিলুপ্ত হতে চলেছে। শুধু সুন্দরবনে তাদের জন্য ভালো পরিবেশ টিকে আছে। তিনি বলেন, সুন্দরবন ইরাবতী ডলফিনের শেষ আশ্রয়। গাঙ্গেয়, বোতলনাকসহ আরও কয়েকটি প্রজাতির ডলফিনের আবাসস্থল সুন্দরবন। তাই বাংলাদেশ ও ভারত নৌপথের আওতায় চলা জাহাজগুলোর উচিত ডলফিনের জীবন ও বিচরণ এলাকা এড়িয়ে যাওয়া।
বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌপথে বাণিজ্য সম্প্রসারণে ১৯৭২ সালে নৌ প্রটোকল চুক্তি হয়, যার আনুষ্ঠানিক নাম ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড বিটউইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া’। এই চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের নৌপথ ব্যবহার করে দুই দেশের যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করছে। যাত্রীবাহী নৌযান চলাচলের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ২৫ অক্টোবর কর্মপন্থা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এওপি) সই হয়। এর আওতায় ভারতের প্রমোদতরি গঙ্গা বিলাস চলাচল করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চুক্তির আওতায় মোট চারটি যাত্রীবাহী নৌযান চলাচল করেছে। এর মধ্যে তিনটি ভারতের, একটি বাংলাদেশের।
ভারতের প্রমোদতরি গঙ্গা বিলাসের দৈর্ঘ্য ৬২ মিটার। প্রস্থ ১২ মিটার। তিনটি ডেকসহ এতে বিলাসবহুল ২৮টি কামরা রয়েছে। এবারের যাত্রায় এতে মোট ২৮ জন পর্যটক ছিলেন, যার মধ্যে ২৭ জন সুইজারল্যান্ডের, ১ জন জার্মানির। বাংলাদেশে অবস্থানকালে পর্যটকেরা সুন্দরবন এবং বরিশাল, ঢাকা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রংপুর ও কুড়িগ্রামের অন্তত ২০টি দর্শনীয় স্থানে ঘুরেছেন।
ভারতীয় প্রমোদতরির বাংলাদেশে আসার বিষয়ে জানতে চাইলে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এই নৌবিহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নভেম্বরে বাংলাদেশের জাহাজ ভারতে যাবে। বাংলাদেশের পর্যটকেরাও ভারতের দর্শনীয় স্থান ঘুরতে পারবেন।
নৌ প্রতিমন্ত্রী আরও জানান, ভারতের প্রমোদতরিটি থেকে বাংলাদেশ নৌপথ রক্ষণাবেক্ষণ মাশুল বা কনজারভেন্সি চার্জ নেয়নি। কারণ, ভারতের অর্থায়নে বাংলাদেশে নদী খননের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তবে ভারতের প্রমোদতরিটি যেসব ঘাট বা বন্দরে ভেড়ানো হয়েছে, সেখানে নির্ধারিত বার্দিং ফি (নোঙর করার মাশুল) নেওয়া হয়েছে।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাত্রীবাহী নৌযান চলাচলের কর্মপন্থাটি পাওয়া যায়। এতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত এই কর্মপন্থার আওতায় চলাচলকারী জাহাজকে দেশীয় নৌযান হিসেবে গণ্য করে মাশুল আরোপ করতে পারবে। বিদেশি নৌযান হিসেবে গণ্য করা যাবে না। কর্মপন্থায় আটটি নৌপথকে আওতায় রাখা হয়েছে। বলা হয়েছে, এসব নৌপথ সংশ্লিষ্ট দেশ নৌ চলাচলের উপযোগী রাখবে।
গঙ্গা বিলাসের বিদেশি পর্যটকদের দর্শনীয় স্থান ঘুরে দেখিয়েছে জার্নি প্লাস নামের বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌফিক রহমান প্রথম আলোকে বলেন, বিদেশি পর্যটকেরা বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। তাঁরা আবার বাংলাদেশে আসার কথা জানিয়েছেন।
নৌবিহারটির পরিচালক রাজ সিং জানিয়েছিলেন, ৫১ দিন ভ্রমণে মাথাপিছু খরচ পড়েছে প্রায় ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ ৫৬ হাজার টাকার সমান। এর আগে ২০১৯ সালের মার্চে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জাহাজ এমভি মধুমতী যাত্রী নিয়ে ভারতের কলকাতা যায়। সেই জাহাজের সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছিল ১৫ হাজার টাকা (কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট/দুজন)। সুলভ শ্রেণির ভাড়া ছিল দেড় হাজার টাকা। জাহাজটিতে যাত্রী ছিলেন ১২০ জন।
আগামী নভেম্বরে বাংলাদেশের একটি যাত্রীবাহী নৌযান একইভাবে ভারতে যাওয়ার কথা। ভারতও দুটি যাত্রীবাহী জাহাজ পাঠানোর আবেদন করে রেখেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভারতের আরও দুটি যাত্রীবাহী জাহাজ বাংলাদেশে আসার জন্য আমাদের কাছে আবেদন করেছে। বিষয়টি বিবেচনাধীন আছে।’