সার পরিস্থিতি পর্যবেক্ষণে খোলা হলো নিয়ন্ত্রণকক্ষ

সার
ফাইল ছবি

সার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষ আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ করবে। কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এই নিয়ন্ত্রণকক্ষ সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সারবিষয়ক যেকোনো প্রয়োজনে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ফোন নম্বর ব্যস্ত থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ারও অনুরোধ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর হলো কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান শেখ বদিউল আলম ০১৭১৩৫৯৩৪৮৭, গবেষণা কর্মকর্তা মো. নূরুন্নবী ০১৭১৬৪৬২২৭৭, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (সার) আমিনুল ইসলাম ০১৭২৪২৪৫৩৫৪ এবং অতিরিক্ত উপপরিচালক খন্দকার রাশেদ ইফতেখার ০১৮১৪৯৪৭০৫৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে (২৫ আগস্ট) ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৫৬ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার মেট্রিক টন, ডিএপি ৮ লাখ ২৩ হাজার মেট্রিক টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার মেট্রিক টন। সারের বর্তমান মজুতের বিপরীতে আমন মৌসুমে (আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত) সারের চাহিদা হলো ইউরিয়া ৬ লাখ ১৯ হাজার মেট্রিক টন, টিএসপি ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন, ডিএপি ২ লাখ ২৫ হাজার মেট্রিক টন, এমওপি ১ লাখ ৩৭ হাজার মেট্রিক টন।

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় সারের বর্তমান মজুত বেশি। গত বছর এ সময় ইউরিয়া সারের মজুত ছিল ৫ লাখ ৮৯ হাজার মেট্রিক টন, টিএসপি ২ লাখ ২৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৫ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এবং এমওপি ১ লাখ ৯৬ হাজার মেট্রিক টন।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বিসিআইসির প্রতিবেদন উল্লেখ করে আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট পর্যন্ত ইউরিয়া সার বিক্রি হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৭৮৯ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ হাজার ৬০০ টন বেশি। গত বছর এ সময়ে ইউরিয়া সার বিক্রি হয়েছিল ৩ লাখ ৬৫ হাজার ১৭৯ মেট্রিক টন।