বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে সুবিধাবঞ্চিতদের জন্য স্কুল গড়ে তোলেন তাঁরা। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আওতায় বর্তমানে দুটি স্কুল পরিচালনা করছেন তাঁরা। পাশাপাশি সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চালাচ্ছেন তাঁরা। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন এরই মধ্যে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে। সংগঠনটির যাত্রা শুরু হলো কীভাবে, কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন ফাহমিদা আক্তার।

আপনারা তো মূলত সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করছেন। শুরুটা কীভাবে হলো?
মোস্তাফিজুর রহমান: সুইচ অর্থ অবস্থার পরিবর্তন। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত সংগঠন। শুরুটা ২০১১ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম দিয়ে। ক্যাম্পাসে পরিষ্কার–পরিচ্ছন্নতাসংক্রান্ত সচেতনতা, হল থেকে নতুন–পুরোনো বই সংগ্রহ করে ঢাকার বাইরে কমিউনিটি লাইব্রেরি তৈরি, বিভিন্ন দুর্যোগে সহযোগিতা করার মতো কার্যক্রমগুলো চালানো হতো। ২০১৫ সালে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ও বেড়িবাঁধ–সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করতে এসে দেখি বিশাল বস্তি এলাকা, যা আমাদের ধারণার বাইরে ছিল। তখন কিছু ছেলেমেয়ে এসে বলে, স্যার আমাদের জন্য একটা স্কুল করেন, আমরা পড়তে চাই। আমরা এলাকায় খোঁজ নিয়ে দেখলাম বিশাল বড় এলাকায় সরকারি বা উন্নয়ন সংস্থার পরিচালনাধীন কোনো স্কুল নেই। বেসরকারি কিছু স্কুল আছে, যেগুলোর খরচ মেটানো তাদের জন্য কষ্টকর। তখন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সহযোগিতায় এবং নিজেরা অল্প কিছু চাঁদা সংগ্রহ করে দুই রুমের স্কুল ভাড়া নিই। আমরাও তখন শিক্ষার্থী। ক্লাসের ফাঁকে ফাঁকে এসে ক্লাস করাতাম। প্রথমে প্রথম ও দ্বিতীয় শ্রেণি দিয়ে শুরু করি। এরপর প্রতিবছর একটি করে ক্লাস বাড়ানো হয়। বর্তমানে নবম শ্রেণি পর্যন্ত চলমান।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এখন আপনারা দুটি স্কুল পরিচালনা করছেন। স্কুলগুলোয় শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন? তাদের কী শেখানো হয়?
মোস্তাফিজুর রহমান: ঢাকা উদ্যানে সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনে ৩২০ জন শিক্ষার্থী আছে। গাবতলীতে সুইচ বিদ্যানিকেতন নামে আরেকটি স্কুল আছে। সেখানে শিক্ষার্থীর সংখ্যা ১২০। স্কুলগুলোয় শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। যেমন তাদের দাবা প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক রেটিং রয়েছে পাঁচজনের। শিক্ষার্থীদের রোবোটিকস প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীরা এরই মধ্যে বেশ কয়েকটি ছোট প্রজেক্ট তৈরি করেছে। এ ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ, কোডিং শেখানো, মেয়েদের সেলাই প্রশিক্ষণ, নৃত্য, গান, বিতর্ক, ইংরেজি স্পোকেন, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলার চেষ্টা করা হয়। এখানকার শিশুদের আঁকা চিত্র দিয়ে দুবার দৃক গ্যালারিতে প্রদর্শনী হয়েছে। যাদের খেলায় আগ্রহ তাদের ক্লাবে যুক্ত করে দেওয়ার চেষ্টা করা হয়। যেমন আমাদের স্কুলের একটি ছেলে বর্তমানে আবাহনী ক্লাবে অনূর্ধ্ব-১৬ দলে খেলছে।
কাজ করতে গিয়ে কখনো কোনো তিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়েছেন কি?
মোস্তাফিজুর রহমান: শুরুতে যেহেতু আমরা সবাই বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছিলাম, প্রতিষ্ঠান চালাতে তহবিল নিয়ে সমস্যায় পড়তে হতো প্রায়ই। এমনও সময় গেছে বা এখনো যায় যে কোথাও মিটিং করতে গেলাম কিন্তু সেখান থেকে যানবাহনে করে ফেরার মতো টাকা পকেটে নেই। খাবারের টাকাও হয়তো থাকে না। তখন না খেয়েই থাকতে হয়। এমন অসংখ্যবার হয়েছে। তা ছাড়া পারিবারিকভাবেও বাধা আছে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়ার পর এখন পর্যন্ত আমরা সবাই যে বিষয়টির মুখোমুখি হই—তা হলো পরিবার, আত্মীয়স্বজন, আশপাশের লোকজন কেউ এই কাজকে মেনে নেয় না। সবাই চায় আমরা চাকরি করি, বড় চাকরি। মা–বাবা এখনো কল দিলে প্রথমেই জিজ্ঞেস করে, চাকরি কি করবি না। এ কারণে আমিসহ অনেকেই পরিবার থেকে দূরে থাকি। বছরেও বাড়ি যাওয়া হয় না। এখন আমাদের এই কাজগুলো নেশা ও পেশার মতো হয়ে গেছে। বাইরে সারা দিন কষ্ট করার পর এ শিশুদের দেখলে প্রশান্তি লাগে। দুঃখজনক হলো, আমার একজন মেয়ের সঙ্গে তিন বছর প্রেম ছিল। সে মূলত সামাজিক কাজের কারণেই আমাকে পছন্দ করত। কিন্তু তার পড়াশোনা শেষ হওয়ার পর আমাকে বলল, এই কাজ ছেড়ে চাকরি করার জন্য, না হয় তাকে ছেড়ে দিতে। অবশেষে এই কাজ ছেড়ে চাকরি না করার কারণে সে চলে গেল।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনার পাশাপাশি আপনারা আরও কিছু সহায়তা কার্যক্রম চালিয়ে থাকেন। সেগুলো সম্পর্কে যদি একটু বলেন—
মোস্তাফিজুর রহমান: ২০১৬ সালে সুইচকে, সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন হিসেবে রেজিস্ট্রেশন করি। বর্তমানে স্কুল পরিচালনার পাশাপাশি আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। যেমন ১০ টাকায় খুশি প্রজেক্ট, সুইচ ক্রাফট, স্বাবলম্বী প্রোজেক্ট, কম্পিউটার প্রশিক্ষণ, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ প্রোগ্রাম, ১০ টাকায় ইফতারি বিতরণ ইত্যাদি। সুইচ ক্রাফটের আওতায় মূলত স্কুলের বাচ্চাদের মা-বোনদের এবং স্কুলের ওপরের ক্লাসের মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়। সুইচ ক্রাফট থেকে পাঞ্জাবি, মেয়েদের আধুনিক পোশাক, কারচুপি ডিজাইন, নকশিকাঁথা, ব্যাগ, পাপোশ ইত্যাদি তৈরি করা হচ্ছে। ১০ টাকায় খুশি নামের প্রজেক্টের আওতায় বিভিন্ন পরিবারের কাছ থেকে কাপড়চোপড়সহ অপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা হয়ে থাকে। তারপর সেগুলো নিয়ে এসে পরিষ্কার করে বিভিন্ন বস্তিতে ১০, ২০, ৫০ টাকায় বিক্রি করা হয়। টাকা নেওয়ার মূল্য উদ্দেশ্য হলো, অনেকেই ফ্রি জিনিস নিতে চায় না। তারা যেন ফিল না করে, সেটা ফ্রি। ২০১৬ সাল থেকে একুশে বইমেলায় হুইলচেয়ার সেবা দিচ্ছি। বাংলা একাডেমি থেকে আমাদের হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের স্বেচ্ছাসেবকেরা বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ারে করে সারা মেলা ঘুরিয়ে দেখান। শিক্ষিত বেকার ছেলেমেয়েদের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এ ছাড়া দুর্যোগকালে আমাদের স্বেচ্ছাসেবকেরা কাজ করে আসছেন।
আপনাদের কার্যক্রমের পরিধি তো এখন অনেক বেড়েছে। এখন আপনারা কার্যক্রম পরিচালনার খরচ কীভাবে মেটাচ্ছেন?
মোস্তাফিজুর রহমান: জি, আমরা স্কুল পরিচালনা করছি প্রতিটি শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত স্পনসরশিপের মাধ্যমে। আগ্রহীরা এক একজন শিশুর দায়িত্ব নেন এবং স্পনসরশিপ বাবদ মাসে ১ হাজার টাকা করে দেন। এভাবে আমাদের ৬০ শতাংশ শিশুর স্পনসরের ব্যবস্থা হয়েছে, যা দিয়ে স্কুলের ভাড়া, শিক্ষকের সামান্যতম খরচ, শিশুদের খাতা, কলম, ব্যাগ, ইউনিফর্ম—সবকিছুই দিয়ে আসছি। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতার পাশাপাশি, কয়েকটি কোম্পানির সিএসআর ফান্ড থেকেও সহযোগিতা পাচ্ছি।
আপনাদের সঙ্গে তো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। বর্তমানে কতজন স্বেচ্ছাসেবী আছেন? চাইলেই যে কেউ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন কি না?
মোস্তাফিজুর রহমান: জি, আমাদের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক আছেন। শিক্ষকসহ বিভিন্ন প্রজেক্টের দায়িত্বে আছেন ৩০ জন। আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আমাদের এখানে ফরম পূরণ করে চাইলেই যে কারও স্বেচ্ছাসেবক হয়ে কাজ করার সুযোগ রয়েছে।
আপনাদের কার্যক্রমগুলো তো ঢাকাভিত্তিক। ভবিষ্যতে কি তা ঢাকাভিত্তিক থাকবে নাকি আরও বিস্তৃত করার ইচ্ছে আছে?
মোস্তাফিজুর রহমান: জি, আমাদের কার্যক্রম সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দুর্যোগকবলিত এলাকা এবং দরিদ্র অঞ্চলগুলোয় কাজ করার পরিকল্পনা আছে। হয়তো কয়েক বছরের মধ্যেই শুরু করব।
তরুণদের উদ্দেশে কিছু বলতে চান?
মোস্তাফিজুর রহমান: তরুণদের উদ্দেশে বলব, আমরা অসংখ্য সময় নষ্ট করি। আড্ডা, নেশা, মোবাইলে কথা বলে, মোবাইলে গেম খেলে সময় নষ্ট না করে আশপাশে যদি ছোট ছোট উদ্যোগ নিই বা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে যুক্ত হই, তাহলে দেশ ও সমাজের পরিবর্তন হবে। রাষ্ট্র উন্নত হবে। আমাদের দেশে বর্তমানে চাকরি করতে গেলে অভিজ্ঞতা চায়, কিন্তু সদ্য বের হওয়া শিক্ষার্থী অভিজ্ঞতা কোথায় পাবে? সামাজিক প্রতিষ্ঠানে যুক্ত থাকলে অভিজ্ঞতার সার্টিফিকেটও পাবে। সরকার বা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে প্রস্তাব থাকবে শিক্ষার্থীদের যেন প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে বাধ্যতামূলকভাবে স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণ করানো হয়। তাহলে নৈতিক অবক্ষয় কমে যাবে, অনেক অপরাধ কমে যাবে।
আপনাকে ধন্যবাদ।
মোস্তাফিজুর রহমান: আপনাকেও সুইচ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ।