সহজে ও কম খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চিন্তা

ঢাকায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসসুন ইসমাইল বৈঠক করেন।
 ছবি: সংগৃহীত

প্রায় চার বছর পর গত আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলেও দেশটিতে কর্মী যাওয়ার সংখ্যা তেমন বাড়ছে না। নির্দিষ্ট কিছু এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়ার কারণেই এটি ঘটছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে গত নভেম্বরে মালয়েশিয়ায় নতুন সরকার গঠিত হয়েছে। এখন সহজে ও কম খরচে কর্মী নিয়োগের কথা ভাবছে দেশটির সরকার।

কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে আজ রোববার ঢাকায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসসুন ইসমাইল বৈঠক করেন। প্রবাসীকল্যাণ ভবনে এ বৈঠক শেষে সাংবাদিকদের সাইফুদ্দিন নাসসুন ইসমাইল বলেন, বর্তমানে যে প্রক্রিয়ায় কর্মী নিয়োগ হচ্ছে, তা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। প্রয়োজনে সমঝোতা স্মারক পরিবর্তন, সংশোধন বা বাতিল করা হবে।

এর আগে কর্মী পাঠানো নিয়ে গত বছর দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর আগস্ট থেকে দেশটিতে কর্মী পাঠানো শুরু হয়। গত শনিবার বাংলাদেশে প্রথমবারের মতো সফর এসেছেন দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ১৫ লাখ বিদেশি কর্মী কাজ করে মালয়েশিয়ায়। এর মধ্যে শীর্ষে বাংলাদেশের কর্মীরা। ৪ লাখ ৪৫ হাজার বাংলাদেশি কর্মী কাজ করে নির্মাণ, কৃষি, উৎপাদন, সেবা খাতে। আরও পাঁচ লাখ নতুন কর্মী নিতে যাচ্ছে মালয়েশিয়া। এ চাহিদা পূরণ মালয়েশিয়ার অগ্রাধিকার। তাই নিয়োগপ্রক্রিয়া সহজতর করা ও ব্যয় কমানোটাই লক্ষ্য।

মালয়েশিয়ায় নানা কারণে অবৈধ হয়ে পড়া কর্মীদের বিষয়ে জানতে চাইলে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ কর্মীদের বৈধ করার জন্য ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে ৫৫ শতাংশ বাংলাদেশি কর্মী।

এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা ছিল না। এটা মালয়েশিয়ার মন্ত্রীর ওয়ার্কিং ভিজিট। কম খরচ ও সহজ প্রক্রিয়ায় কর্মী পাঠানো নিয়েই মূলত আলোচনা হয়েছে। ভালো কিছু আসছে, খুব বেশি দেরি হবে না। তবে সমঝোতা স্মারকে কী ধরনের পরিবর্তন আসছে, তা এখনই বলা যাবে না।

শিগগিরই দুই দেশের মধ্যকার যৌথ কারিগরি কমিটির সভা হবে জানিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই এটি হতে পারে। সেখানে সংশোধনের এসব বিষয় আলোচনা হবে। আজকের বৈঠকে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি মালয়েশিয়ার মন্ত্রী। তবে আমাদের বিশ্বাস, মন্ত্রী যেমন আন্তরিকতা নিয়ে কথা বলেছেন, ভালো কিছুই হবে।

ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে যতগুলো বিষয় আছে, সব নিয়েই আলোচনা হয়েছে। এর মধ্যে কর্মীর অভিবাসন খরচের বিষয়টি আছে। একটা জিনিস মনে রাখতে হবে, মালয়েশিয়ার এ সরকার কিন্তু নতুন সরকার। আগের সরকারের সঙ্গে যেসব কথা হয়েছে, সেখানে বিরাট একটা পরিবর্তন আসবে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

বর্তমানে কর্মী নিয়োগে দুই দেশের দুটি আলাদা অনলাইন–প্রক্রিয়া (সফটওয়্যার) আছে। এ বিষয়ে ইমরান আহমদ বলেন, কর্মী নিয়োগে দুই দেশে বিদ্যমান দুটি অনলাইন–প্রক্রিয়ার মধ্যে সমন্বয় করা হবে। এটি সমন্বিতভাবে কাজ করবে। এতে করে নিয়োগের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।