গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ

শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, গণমাধ্যমের টেকসই সংস্কারে কাজ করছে কমিশন: কামাল আহমেদ

শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, গণমাধ্যমের টেকসই সংস্কারের জন্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার সার্কিট হাউস রোডে তথ্য ভবন সম্মেলনকক্ষে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে কামাল আহমেদ এ কথা জানান। আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যমের স্বাধীনতা প্রসারে একযোগে কাজ করছে, এমন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর জোট হচ্ছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্যদেশগুলোর ঢাকাস্থ দূতাবাসের প্রতিনিধিরা আজকের মতবিনিময় সভায় অংশ নেন। তাঁরা গণমাধ্যম সংস্কারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। অপতথ্য ও ভুয়া তথ্য প্রচারের ঝুঁকি মোকাবিলায় কমিশনের কোনো ভূমিকা থাকবে কি না, সে বিষয়েও তাঁরা জানতে চান। রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যম সংস্কারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না, সে সম্পর্কেও প্রশ্ন করেন মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিরা।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, কমিশন গণমাধ্যমের টেকসই সংস্কারের জন্য কাজ করছে, যা শুধু নির্বাচনকেন্দ্রিক নয়; বরং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর অংশ হবে। নির্ধারিত সময়ের মধ্যে অংশীজন প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, বেতার ও টেলিভিশনমালিক এবং সাধারণ জনগণ-দর্শক-শ্রোতাসহ গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব তুলে ধরা হবে।

কামাল আহমেদ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে অংশীজন প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, বেতার ও টেলিভিশন মালিক এবং সাধারণ জনগণ-দর্শক-শ্রোতাসহ গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব তুলে ধরা হবে। সমাজের সব শ্রেণির মানুষসহ রাজনৈতিক দলগুলোকেও গণমাধ্যম সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ও সংস্কার প্রস্তাব তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তায় সরকারি আইন অনুযায়ী বিমা সহায়তা দেওয়া যায় কি না, এ বিষয়টিও কমিশন বিবেচনা করছে বলে জানান কমিশনপ্রধান।

ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের আমলে সংবাদমাধ্যমের ওপর যেসব অযাচিত আক্রমণ এসেছে, তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মিডিয়া ফ্রিডম কোয়ালিশনকে ধন্যবাদ জানান কামাল আহমেদ। ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষে ছিলেন কমিশন সদস্য শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, ফাহিম আহমেদ, জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্ত গুপ্ত ও আবদুল্লাহ আল মামুন। মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের পক্ষে অংশ নেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি স্টিফেন এফ ইবেলি, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি ভেনেসা বিউমন্ট, জাপান দূতাবাসের প্রতিনিধি মিশিকো ওয়েদা, অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি লারা অ্যাডামস, কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি সিওবনান কেন, সুইডিশ দূতাবাসের প্রতিনিধি পাওলা কাস্ত্রো নেইডারস্টানম, নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধি কর স্টুটেন, ফরাসি দূতাবাসের প্রতিনিধি এমিলি পালাহোয়ানে, সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি আলী সোহেল ইবনেসহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা।