দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণ করতে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ অক্টোবর নির্বাচন ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, এনএসআই ও ডিজিএফআই, আনসার–ভিডিপির মহাপরিচালক এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার সংশ্লিষ্ট ব্যক্তিদের এ–সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ইসি।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে করণীয় নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করবে ইসি। আগামী ১ নভেম্বর ওই বৈঠক আহ্বান করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্য, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আবহাওয়া সম্পর্কে ধারণা নিতে ওই বৈঠকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালককেও আমন্ত্রণ জানানো হয়েছে।