টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি
টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি

সহিংসতার এক মামলায় বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বগুড়ায় সংগঠিত সহিংসতার অভিযোগে করা এক মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

জামিন চেয়ে বদির করা আবেদনের শুনানি নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে তাঁকে অন্তর্বর্তী জামিন দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান শুনানিতে ছিলেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সহিংসতার অভিযোগে বগুড়ায় করা মামলায় আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনটি ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুসারে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ অন্যদের বিরুদ্ধে ওই মামলা করা হয়। মামলায় বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে তখন র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।