আদালত
আদালত

বিচার বিভাগ

জেলা জজের পদ শূন্য আট জেলায়

নড়াইলে জেলা ও দায়রা জজ নেই চলতি বছরের মার্চের প্রথম দিক থেকে। এখানকার সর্বশেষ জেলা ও দায়রা জজ ছিলেন শারমিন নিগার। তাঁকে সম্প্রতি বিলুপ্ত হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছিল। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার পর এখন তাঁকে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) হিসেবে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শুধু নড়াইল নয়, এই মুহূর্তে সব মিলিয়ে দেশের আট জেলায় জেলা ও দায়রা জজ নেই। আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নড়াইল ছাড়া অন্য জেলাগুলো হলো চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, সুনামগঞ্জ, নীলফামারী, পঞ্চগড় ও কিশোরগঞ্জ। এ ছাড়া সিলেটে মেট্রো সেশন জজের পদ শূন্য।

জেলা জজসহ দীর্ঘদিন ধরে খালি থাকা বিচারকদের শূন্য পদে দ্রুত পদায়নসহ বিভিন্ন দাবিতে গত বুধবার মানববন্ধন করেছে নড়াইল জেলা আইনজীবী সমিতি। আইনজীবীরা বলছেন, জেলা ও দায়রা জজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আদালতে বিচারকের পদ শূন্য রয়েছে। ফলে মামলার জট বাড়ছে এবং মানুষ কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছেন না।

কিশোরগঞ্জের পিপি শাহ কামাল সরকার জানান, গত ফেব্রুয়ারি থেকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজের পদ শূন্য। সেই থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুটিন দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা ও দায়রা জজের সমপর্যায়ের আরও ১৯টি বিচারকের পদ শূন্য রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিয়মিত জেলা জজ না থাকায় বিচারকাজে জটিলতা হচ্ছে। এতে মানুষ ভোগান্তিতে পড়ছেন।

অন্যদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিলুপ্ত হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ কর্মকর্তাকে (বিচারক) পরবর্তী পদায়নের জন্য ১৯ মে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে নয়জন জেলা ও দায়রা জজ, দুজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তিনজন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন সিনিয়র সিভিল জজ পদমর্যাদার কর্মকর্তা। তাঁদের যোগদানপত্র ভূতাপেক্ষভাবে ১০ মে থেকে গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস হয়। এর ভিত্তিতে সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ বাতিল হয়ে যায়।

তবে সংযুক্ত করা বিচার বিভাগের ওই সব কর্মকর্তাকে এখনো কোথাও পদায়ন করা হয়নি, মানে দায়িত্ব দেওয়া হয়নি। এই কর্মকর্তাদের মধ্যে বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমানও আছেন। অন্যদের মধ্যে চারজন অতিরিক্ত সচিব, চারজন যুগ্ম সচিব, তিনজন উপসচিব এবং তিনজন সিনিয়র সহকারী সচিব রয়েছেন। তাঁরা সবাই বিচার বিভাগীয় কর্মকর্তা।

আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় ঘিরেই মূলত জেলা জজ পদ শূন্য হওয়া এবং পরবর্তী বিষয়গুলো হয়েছে। এসব পদে নিয়োগের বিষয়টি এখন প্রক্রিয়াধীন।