জুল ভার্নপ্রেমী এক ছাপচিত্রী

‘জুল ভার্ন’ চিত্রকর্মটি দেখছেন একজন দর্শনার্থী
 ছবি: প্রথম আলো

শৈশব–কৈশোরে ‘আশি দিনে বিশ্বভ্রমণ’ পড়েছেন এমন অনেকেই আছেন। তাঁদের অনেকেই এখন প্রাপ্তবয়স্ক। বড় হয়ে জুল ভার্নের জাদুঘরে গেলে নিশ্চয়ই তাঁদের ভালো লাগবে। জুল ভার্নের সেই বিশ্বভ্রমণের গল্প ছাপচিত্রে এঁকেছেন তামিম জলিলুর রাব্বি।

১৯ আগস্ট ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে তামিম জলিলুর রাব্বি একক চিত্র প্রদর্শনী ‘ছাপচিত্রের গল্প’। ২ হাজার ৭৬০ বর্গসেন্টিমিটারের ছাপচিত্রে এঁকেছেন সমগ্র জুল ভার্নকে। কল্পবিজ্ঞানের এই সম্রাটের জলযান, আকাশযান ছাপচিত্রে এঁকে কৈশোরের মুগ্ধতাকে ফ্রেমবন্দী করেছেন শিল্পী।

প্রদর্শনীতে জুল ভার্ন ছাড়াও রাখা হয়েছে শিল্পীর ৭২টি চিত্রকর্ম। এগুলোর বেশির ভাগই ছাপচিত্র। এ ছাড়া রয়েছে প্যাস্টেল–চারকোলে করা কয়েকটি চিত্রকর্ম। প্রায় পাঁচ বছর ধরে এ কাজগুলো করে নিজের কাছে রেখে দিয়েছিলেন তামিম জলিলুর রাব্বি, ঢাকায় নিজের পঞ্চম একক প্রদর্শনীর জন্য। দেশ–বিদেশ মিলিয়ে এটি তাঁর ১০ম প্রদর্শনী।

প্রদর্শনীতে সেরিয়োগ্রাফি, লিথোগ্রাফির চিত্রকর্ম ছাড়াও আছে স্ক্র্যাচবোর্ড এচিং। কালো একধরনের বোর্ডের ওপর এক আঁচড়ে তৈরি করা ছবিগুলো এককথায় রহস্যময়। এক ধ্যানে তাকিয়ে থাকলে জাদুবাস্তবতার জগতে হারিয়ে যাওয়ার অনুভূতি হয়। প্রদর্শনী দেখতে গেলে শিল্পরসিককে স্বাগত জানাবে লিথোগ্রাফে আঁকা আর্লকান। স্প্যানিশ গিটারে এই কমেডিয়ান কি রক গানের সুর ভাঁজছেন?

জলিলুর রাব্বি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং নিয়ে পড়েছেন। তিনি বলেন, প্রদর্শনীর এই কাজগুলোতে তাঁর সংগীতপ্রীতির ছাপ রয়েছে।

ছবিগুলোর কোনো চরিত্রকে ড্রাম, চেলো আবার কোনো চরিত্রকে গিটার বাজাতে দেখা যাচ্ছে। আরেক ছবিতে যেন সেই সুরের স্টাফ নোটেশন পাশ্চাত্যের শাস্ত্রীয় সংগীতের গুরু জোসেফ হেডেনের মাথার খুলি থেকে বেরিয়ে এসে গ্যালারির হাওয়ায় দুলছে।
রাব্বি ফ্রান্সপ্রবাসী। পৃথিবীর শিল্পের রাজধানী ফ্রান্স তাঁর ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে।

ইউরোপের শিল্পচর্চার অন্যতম কেন্দ্র ভিয়েনা। উনিশ শতকের শেষ ও বিশ শতকের শুরুতে বহু খ্যাতিমান শিল্পী এই শহরে এসেছিলেন। জায়গাটিতে বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ তৈরি করেছিলেন। ফ্রয়েড, লেনিন, স্ট্যালিন, কাফকার মতো অনেকেই কাফে সনত্রাল ভিন-এ বসে বসে বুদ্ধিদীপ্ত চিন্তা করেছেন। জায়গাটি অনুপ্রাণিত করেছে রাব্বিকেও। তাঁর কাজে পাশ্চাত্য রীতির কিছুটা প্রভাব থাকলেও মাতৃভূমির দর্শনের ছায়া পড়েছে সেসব ছবিতে।

প্রায় তিন বছর পর দেশে এসেছেন জলিলুর রাব্বি। দেশের শিল্পপ্রেমীদের নিজের ছবিগুলো দেখাতে পেরে কেমন লাগছে? জলিলুর রাব্বি বলেন, ‘ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি এই কাজগুলো করেছি। নিজের শিল্পভ্রমণ অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চেয়েছি। ছবিগুলো শিল্পপ্রেমীদের দেখার অভিজ্ঞতায় ভিন্নমাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’

‘ছাপচিত্রের গল্প’ দেখা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। গ্যালারি চিত্রক খোলা থাকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।