যোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাব (জেএলআরসি) ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তার আয়োজন করেছে
যোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাব (জেএলআরসি) ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তার আয়োজন করেছে

জেএলআরসি ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের যোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাব (জেএলআরসি) আয়োজিত ২০তম জেএলআরসি ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা ২০২৪ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ১০০টির বেশি প্রতিষ্ঠান থেকে তিন হাজারের বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে অংশ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

কিছু পৃথক ইভেন্ট যেমন স্পেলিং বি, লেক্সিক্যাল ডিসম্যান্টলিং, লিঙ্গুইস্টিক স্পিরিট, টেট্রাথলন, ক্যাচ-২২ এবং আরও অনেক ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে ভাষার চারটি মৌলিক দক্ষতার (লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং) ওপর ভিত্তি করে অংশগ্রহণকারী প্রার্থীদের মূল্যায়ন করা হবে। তা ছাড়া শিক্ষার্থীরা ট্রেজার হান্ট, ল্যাঙ্গুয়েজ চ্যাম্পিয়নশিপ, বইভিত্তিক কুইজ, বিঞ্জ কুইজের মতো গ্রুপ ইভেন্টেও অংশগ্রহণ করতে পারবে।

এই বছরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ‘জেএলআরসি ল্যাঙ্গুয়েজ চ্যাম্পিয়নশিপ’ যা দুটি স্তরে অনুষ্ঠিত হবে। প্রথম স্তরে রিডিং ও রাইটিং পরীক্ষার মাধ্যমে বাছাই করা সেরা ছয়টি দলকে নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব। তারপর চূড়ান্ত পর্বে তাদের স্পিকিং ও লিসেনিং দক্ষতার ওপর মূল্যায়ন করে শুধু একটি টিমকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এগুলো ছাড়া ট্রেজার হান্ট ও ভাষারত্ন নামের আরও দুটি আকর্ষণীয় ইভেন্ট রয়েছে। এই ইভেন্টগুলো যেমন মর্যাদাপূর্ণ ও প্রশংসনীয়, তেমনি বিজয়ীদের জন্য রয়েছে প্রাইজমানি।

জেএলআরসির এই উৎসব আয়োজন করার প্রধান লক্ষ৵ হলো শিক্ষার্থীদের মধ্যে ভাষা ও সাহিত্যের ব্যাপক আগ্রহ গড়ে তোলা। সংস্কৃতিকে বোঝার একটি অন্যতম উপায় হলো সাহিত্য, তবে একটি যুব-নেতৃত্বাধীন ক্লাব হিসেবে জেএলআরসির উদ্দেশ্য শুধু সেটিই নয়। শিক্ষার্থীদের ভাষাশিক্ষার পাঠ্যক্রমের বিকল্প পথ তৈরি করতে সফল হবে। অপ্রতিকূল প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত অনুপ্রেরণাকে প্রজ্বলিত করে ভাষার প্রতি একটি উৎসাহী ও উচ্চাভিলাষী চেতনা তৈরি করবে, শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলবে সহযোগিতা, সংকল্প ও আকাঙ্ক্ষা।

এবারের উৎসবের টাইটেল স্পনসর হিসেবে পূবালী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে নাভানা গ্রুপ, টেক স্পনসর হিসেবে স্মার্ট টেকনোলজি, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কম্প্রিহেনসিভ হোল্ডিংস, অ্যাকসেসরিজ পার্টনার হিসেবে পেপার টেক, প্রাইজ পার্টনার হিসেবে রকমারি, লজিস্টিকস পার্টনার ইসলামী ব্যাংক, চ্যানেল আই মিডিয়া পার্টনার। এ ছাড়া এই আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো।