অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি সেখানে ভোট দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে গুলশান-১-এর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে মহাখালী ডিওএইচএসের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকার সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৃহস্পতিবার সকাল ৮টায় উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দুপুর ১২টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।