
আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য যাঁরা পড়ান, সেই শিক্ষকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ফাস্টফ্লোআপ টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো নেওয়া প্রতিষ্ঠানটির নতুন এই উদ্যোগের নাম ‘ফ্লোটিচ’ (FlowTeach)। যেখানে আইইএলটিএস, পিটিই, জিআরই, জিম্যাট ও টোফেলের শিক্ষকেরা নিজেদের শিক্ষাদানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
‘ফ্লোট্যাংক’, ‘এসডিএলসি’ ও ‘জব রেডি প্রোগ্রাম’–এর পর এটি ফাস্টফ্লোআপের নতুন উদ্যোগ। শিক্ষকদের দক্ষতার স্বীকৃতিতে সেরা তিনজনের জন্য থাকছে মোট এক লাখ টাকার পুরস্কার।
আয়োজকদের দাবি, বাংলাদেশের টেস্ট-প্রিপারেশন শিক্ষকদের জন্য এ ধরনের বিশেষ প্রতিযোগিতা এটি। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বিভিন্ন প্রতিযোগিতা থাকলেও শিক্ষকদের নিজস্ব দক্ষতা, সৃজনশীলতা ও শিক্ষাদানের পদ্ধতিকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষকদের নির্দিষ্ট বিষয়ের ওপর ভিডিও লেকচার তৈরি করে জমা দিতে হবে। শিক্ষাদানের দক্ষতা, উপস্থাপনা ও বিষয়বস্তুর মানের পাশাপাশি জনসাধারণের ভোট এবং বিচারকদের মূল্যায়নের সমন্বয়ে নির্বাচিত হবেন সেরা প্রতিযোগীরা। বিজয়ী সেরা তিন শিক্ষকের জন্য থাকছে মোট এক লাখ টাকার পুরস্কার।
তরুণদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে ফাস্টফ্লোআপ আয়োজন করে পাঁচ দিনব্যাপী ‘জব রেডি প্রোগ্রাম’। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রার্থীদের বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচিত করা এবং হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করা।
পাঁচ দিনের এই আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় সেমিনার। পরবর্তী চার দিন অংশগ্রহণকারীরা ফাস্টফ্লোআপের নিজস্ব অফিসে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেন। বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল (কিউসি) অ্যানালিস্ট হিসেবে কাজের ধরন, বাস্তব কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কাজগুলো কীভাবে সম্পন্ন করা হয় সে সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান তাঁরা।
প্রথাগত প্রশিক্ষণের বাইরে গিয়ে অংশগ্রহণকারীদের বাস্তব কাজের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়াই ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য।
২০২৫ সালে ফাস্টফ্লোআপ আয়োজন করে উদ্ভাবনী ধারণাভিত্তিক প্রতিযোগিতা ‘ফ্লোট্যাংক ২০২৫’। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি।
মাত্র এক সপ্তাহে বুয়েট, বিইউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০টির বেশি নিবন্ধন জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে সেরা পাঁচটি দল অংশ নেয় ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিনিশ দ্য জুস’ দল। বিজয়ীরা অর্জন করে এক লাখ টাকা এবং নিজেদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ডিজিটাল পণ্যে রূপ দেওয়ার সুযোগ। এর মাধ্যমে তরুণদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত ধারণাকে বাস্তবায়নের সম্ভাবনা তৈরি করে ফাস্টফ্লোআপ।
ফ্লোট্যাংকের ধারাবাহিকতায় ফাস্টফ্লোআপ চালু করে ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফসাইকেল (এসডিএলসি)’ প্রোগ্রাম। এর উদ্দেশ্য ছিল তরুণ প্রযুক্তিবিদদের শুধু তাত্ত্বিক প্রশিক্ষণ নয়, বরং বাস্তব সফটওয়্যার উন্নয়নের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া।
বাছাইয়ের মাধ্যমে এই প্রোগ্রামে ২৪ জন প্রার্থীকে নির্বাচন করা হয়। নির্বাচিত অংশগ্রহণকারীরা একটি প্রযুক্তিপণ্য তৈরির সম্পূর্ণ প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেলে সরাসরি কাজ করেন।
প্রোডাক্ট পরিকল্পনা, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিংসহ বিভিন্ন ধাপে হাতে-কলমে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা একটি পূর্ণাঙ্গ প্রোডাক্ট সাইকেল সম্পন্ন করেন এবং পণ্য উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
শিক্ষার্থীদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও শিক্ষকদের নিজস্ব দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার প্রতিযোগিতামূলক সুযোগ তুলনামূলকভাবে সীমিত।
এই বাস্তবতা বিবেচনায় ‘ফ্লোটিচে’র মাধ্যমে শিক্ষকদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় ফাস্টফ্লোআপ।
এখানে অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি উদীয়মান শিক্ষকেরাও নিজেদের শিক্ষাদানের দক্ষতা প্রদর্শন, বৃহত্তর পরিসরে পরিচিতি অর্জন এবং পেশাগত স্বীকৃতি লাভের সুযোগ পাবেন।
বিশেষ করে আইইএলটিএস, পিটিই, জিআরই, জিম্যাট ও টোফেলের মতো আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতিতে যুক্ত শিক্ষকদের দক্ষতা ও কার্যকর শিক্ষাদান পদ্ধতিকে সামনে আনা এবং তাঁদের স্বীকৃতি প্রদান করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অস্ট্রেলিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ফাস্টফ্লোআপ টেকনোলজিস লিমিটেড বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, ব্র্যান্ডিং, শিক্ষাপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির শিক্ষাপ্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘ফ্লোয়ি’র (Flowy) সঙ্গে যুক্ত নতুন উদ্যোগ ‘ফ্লোটিচ’। এর মাধ্যমে দেশের টেস্ট-প্রিপারেশন শিক্ষক সমাজের জন্য একটি বিশেষ প্রতিযোগিতামূলক মঞ্চ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তা ছাড়া শিক্ষকদের জন্য ফাস্টফ্লোআপ রাখছে বিনা মূল্যে অস্ট্রেলিয়া থেকে টেসল (TESOL) প্রশিক্ষণ পাওয়ার সুযোগ।
জব রেডি প্রোগ্রামের মাধ্যমে তরুণদের কর্মমুখী দক্ষতা, ফ্লোট্যাংকের মাধ্যমে উদ্ভাবনী চিন্তার বিকাশ, এসডিএলসির মাধ্যমে বাস্তব প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং এবার ফ্লোটিচের মাধ্যমে শিক্ষকদের প্রতিভার স্বীকৃতি—এই চার উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে মেধা, দক্ষতা ও নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করছে ফাস্টফ্লোআপ।
ফ্লোটিচ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন।