গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ১৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর। আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা ও প্রাধিকার অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী যাঁদের মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা) জন্য ‘এফ’ শ্রেণির বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। এসব বাসার মধ্যে আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনের ফ্ল্যাট রয়েছে।

ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের (মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা) জন্য ‘ই’ শ্রেণির বাসা বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। রাজধানীর শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায় এসব বাসা রয়েছে।

১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ‘ই’ শ্রেণির ন্যূনতম প্রাপ্যতার ওপর ভাড়াকর্তনের শর্তে আবেদনের সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ডি-১ শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এই শ্রেণির বাসা রয়েছে।

বিজ্ঞপ্তিতে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তাদের জন্য পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউস (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলে বিভিন্ন আকারের বাসা বরাদ্দ দেওয়া হবে।

এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউস রোড এলাকায় পূর্ণ ভাড়ায় বাসা বরাদ্দের সুযোগ রয়েছে।

নির্ধারিত ভাড়ায় নিউ সার্কিট হাউস, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম, পুরাতন সার্কিট হাউস ও বেইলি স্কয়ার এলাকায় অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে।

পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধা রাখা হয়েছে।

এ ছাড়া পরিত্যক্ত শ্রেণির এফ, ডি, বি শ্রেণির বাসা এবং মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকায় বি-শ্রেণির একটি ফ্ল্যাট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেড, ডি শ্রেণির জন্য ১০ম থেকে ১২তম গ্রেড এবং বি শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের শর্তে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। কেউ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট তথ্যের প্রমাণ সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা যথাযথ প্রমাণ ছাড়া দাখিল করা আবেদন বিবেচনা করা হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লিখিত নির্ধারিত তারিখের মধ্যে বাসার দখল গ্রহণ করতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিলযোগ্য হবে।

এর আগে হার্ডকপি বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যাঁরা বাসা বরাদ্দ পাননি, তাঁরাও এবার অনলাইনে আবেদন করতে পারবেন।