সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
আবদুর রউফ দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সাল ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিচারপতি আবদুর রউফের ছেলে মোহাম্মদ আরশাদুর রউফ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। বিচারপতি রউফের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার ক্ষেত্রে বিচারপতি রউফ বারবার উদাহরণ হয়ে আসবেন। তিনি তাঁর কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।’
অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’