সম্প্রতি নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়
সম্প্রতি নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়

জ্বালানি তেলের অবৈধ মজুত–পাচারকারীদের সঠিক তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

সরকার কর্তৃক উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হলো বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন। আর্থিক সম্মানী সব ব্যক্তি–প্রতিষ্ঠান–সংস্থার জন্য উম্মুক্ত থাকবে।

অভিযান-মামলা-দণ্ড

আজ সকাল সাড়ে ৮টায় মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৪ ঘণ্টায় জ্বালানি–সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যে বলা হয়, এই সময়ে ৩৮৬টি অভিযান চালানো হয়। মামলা হয় ২১৪টি। সর্বোমোট অর্থদণ্ডের পরিমাণ ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। এই সময়ে নীলফামারী জেলায় তিনজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা অভিযান অব্যাহত রেখেছেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।