র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক ইসমাইলের প্রথম জানাজা অনুষ্ঠিত

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন
ছবি: সংগৃহীত

র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুর থেকে আসা মরদেহবাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রাতেই তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বুধবার রাতে রাজধানীর কালশীর বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে ইসমাইল হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সেখানে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় র‍্যাব সদর দপ্তরে ইসমাইল হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থাকবেন। পরে বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

উল্লেখ্য গত ২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণের সময় হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হন ইসমাইল হোসেন। পরে তাঁকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাঁকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। পরদিন তাঁর মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার করা হয়। তবে অন্যান্য শারীরিক জটিলতার কারণে ইসমাইলের অবস্থার অবনতি হয়েছিল। গত মঙ্গলবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।