
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এ আদেশ দেন।
সকালে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুরে শুনানিকালে তাঁর আইনজীবী জামিন আবেদন করলে প্রসিকিউশন এর বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ইতিমধ্যে গ্রেপ্তার আছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী।