
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি আয়োজিত সিআরপি ইনক্লুসিভ ক্রিকেট লিগ (সিআইসিএল)-২০২৩ এর ফাইনাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছে আনকন্ট্রল ফাইটার্স।
এই টুর্নামেন্টটি বাংলাদেশে একমাত্র ইনক্লুসিভ লিগ যেখানে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী একসঙ্গে ক্রিকেট খেলে। এবার এই টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে একজন করে প্রতিবন্ধী খেলোয়াড় রাখা ছিল বাধ্যতামূলক। এই প্রতিবন্ধী খেলোয়াড়েরা সুবর্ণ খেলোয়াড় নামে পরিচিত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ১২টি দলের মধ্য থেকে সার্কঅ্যান্ডঅভি ফাইটার্স ও আনকন্ট্রল ফাইটার্স ফাইনালে উঠে। গত দুইবারের চ্যাম্পিয়ন সার্কঅ্যান্ডঅভি ফাইটার্সকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় আনকন্ট্রল ফাইটার্স।
শাহিন কাদির টুর্নামেন্টের সেরা সুবর্ণ খেলোয়াড় নির্বাচিত হন। সার্কঅ্যান্ডঅভি ফাইটার্সের অধিনায়ক মো. সোহেল রানা ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক, সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ আরিফ উদ্দিন, গ্রীল গার্ডেন ও এমকে টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন, সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরি এ টেইলর।