
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা) দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৭৪ শিশুর।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হাম শনাক্ত হয়ে ঢাকায় দুই, সিলেট, চট্টগ্রাম ও রংপুরে একজন করে শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯০ শিশু।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ শিশু। আর এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ শিশু। এ নিয়ে পাঁচ মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ লাখ ৫৭ হাজার ৬১৯ শিশু আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৯০ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৫ শিশু এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৩ শিশু।