
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৩০৬) যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
বোসরা ইসলাম বলেন, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রোম ছাড়ে। আজ দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।
বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরের উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা যাত্রার পর রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সেখান থেকে উড়তে পারছিল না। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি যাত্রা করতে না পারায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।