সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইসলামি উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের। ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইসলামি উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের। ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে সদস্যদেশে ক্ষুদ্রঋণ চালুর পথ খুঁজছে ইসলামি উন্নয়ন ব্যাংক

বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসলামি উন্নয়ন ব্যাংক তার সদস্যদেশগুলোতে ক্ষুদ্রঋণ চালুর বিভিন্ন উপায় বিবেচনা করছে বলে জানিয়েছেন ইসলামি উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের।

ইউনূস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার ঢাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে মুহাম্মদ আল জাসের এই আগ্রহের বিষয়টি জানান। সাক্ষাতে উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা হয়েছে।

এ সময় উন্নয়ন বিষয়ে অধ্যাপক ইউনূসের দর্শন ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতিনিধিরা ক্ষুদ্রঋণ ও গ্রামীণ ব্যাংক নিয়ে অধ্যাপক ইউনূসের কাজ, সামাজিক ব্যবসার ধারণা এবং তাঁর ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ) ধারণার ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

আল জাসেরকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসলামি উন্নয়ন ব্যাংক তার সদস্যদেশগুলোতে ক্ষুদ্রঋণ চালুর বিভিন্ন উপায় বিবেচনা করছে। অধ্যাপক ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রামীণের কর্মসূচিগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করতে তাদের একটি দল পাঠানোর অনুরোধ করেন, যাতে দলটি ইসলামি উন্নয়ন ব্যাংক কোন কোন পদ্ধতি গ্রহণে আগ্রহী হতে পারে, তা চিহ্নিত করতে পারে।

এ সময় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করায় আল জাসেরকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ও ইসলামি উন্নয়ন ব্যাংকের মধ্যকার সম্পর্কের গভীরতা এবং বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে ইসলামি উন্নয়ন ব্যাংকের ভূমিকার প্রতিফলন ঘটেছে।

অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করে আল জাসের বলেন, বর্তমানে অধিকাংশ তরুণের মধ্যেই প্রচলিত চাকরিব্যবস্থা থেকে দূরে থাকার প্রবণতা রয়েছে, তাঁরা আর নিজেদের শুধু চাকরিজীবী হিসেবে গড়ে তুলতে আগ্রহী নন।

ইসলামি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আদিব ইউসুফ আল আমা, ইসলামি উন্নয়ন ব্যাংকের কান্ট্রি প্রোগ্রামস বিভাগের মহাপরিচালক আনাস আসিয়ামি এবং আইটিএফসির ট্রেড ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক আবদিহামিদ আবু।

বৈঠকে উপস্থিত প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ইওপির মিডল অফিসের টেকনিক্যাল সাপোর্ট অফিসার মোহাম্মাদ জাফর আলমাশহারাউই, ইওপির ফ্রন্ট অফিস স্পেশালিস্ট ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আহমাদ শাওয়েশ, সিনিয়র এডিটরিয়াল অ্যান্ড ব্র্যান্ডিং স্পেশালিস্ট আবদিকাদির আবদি, ঢাকার রিজিওনাল হাবের ম্যানেজার আলী খান, ঢাকার রিজিওনাল হাবের অপারেশনস টিম লিডার নাসের ইয়াকুবু, ঢাকার রিজিওনাল হাবের কান্ট্রি ইকোনমিস্ট মাহবুব রব্বানি, আইটিএফসির ডিভিশন ম্যানেজার আবদুল আলিম এইচ মোহাম্মদ এবং আইটিএফসির সিনিয়র ম্যানেজার ইফতেখার আলম, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান।