
মর্নিং ওয়াকে যাওয়ার আগে খুব ভোরে দেখতাম, আব্বু নিবিষ্ট মনে বাংলায় লেখা কোরআন শরিফ পড়ছেন। ঘণ্টাখানেক পর বাসায় ফিরে আব্বুকে পড়ার টেবিলে পেয়ে জিজ্ঞেস করতাম, ‘কী লিখছ আব্বু?’ তিনি বলতেন, ‘মা, নির্বাচননামা বইটা যে কবে শেষ করতে পারব, জানি না!’ আব্বুর চারদিকে ছড়িয়ে–ছিটিয়ে থাকত দেশি–বিদেশি নির্বাচনসংক্রান্ত বইপত্র ও জার্নাল! আমি হেসে বলতাম, ‘ইনশাল্লাহ! শেষ হয়ে যাবে, চিন্তা কোরো না।’
২০১৭ সালের ফেব্রুয়ারিতে আব্বু হঠাৎ পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান। আমার মনে হলো, মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি যেভাবে আঁকড়ে থাকতেন, তাতে মহান আল্লাহ তাআলা আব্বুকে হাত ধরে এই জায়গায় এনে দিলেন! কিন্তু একই সময় তিনি ঘাতক ব্যাধি ক্যানসারেও আক্রান্ত হন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শুরু, এরপর ২০২২ সালের জুন মাসে গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত, তিনি প্রতিদিন ভোরে নিয়মিত নির্বাচননামা বইটি নিয়ে কাজ করতেন। তাছাড়া অন্যান্য বইয়ের কাজও চলমান ছিল।
আমার আব্বু কিশোর বয়স থেকে ‘কচিকাঁচার মেলা’র সঙ্গে যুক্ত ছিলেন। সে সময়ই তাঁর লেখালেখির শুরু। তিনি একাধারে লিখে গেছেন আত্মজীবনীমূলক লেখা, উপন্যাস, গল্প, কবিতা, গান, সিনেমা, নাটক, ছড়া, ভ্রমণকাহিনি, রম্য রচনা। মোট ৪৫টি বই প্রকাশিত হয়েছে তাঁর। জয় বাংলা সিনেমার কাহিনির জন্য মুক্তিযুদ্ধের সময়ে আমাদের অনেক ভয়ের মধ্যে থাকতে হয়েছে। দলীয় লেজুড়বৃত্তি না করার কারণে হয়তো তেমন কোনো পুরস্কার পাননি; কিন্তু বঙ্গভবনে পাঁচ বছর, আমলার আমলনামা, বধ্যভূমি এবং মৃত্যুর পর প্রকাশিত নির্বাচননামা এসব বইয়ের জন্য আব্বু পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
আমার আব্বু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ছিলেন। সহকারী প্রেস সচিব হিসেবে বঙ্গবন্ধুকে হত্যার আগের রাতেও আব্বু তাঁর জন্য বক্তৃতার খসড়া লিখেছিলেন। অল্প দিনের জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অনুলেখকও ছিলেন। বন্ধবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা জানতেন। বঙ্গভবনের এক অনুষ্ঠানে তিনি আব্বুকে দেখে এগিয়ে এসে বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো চান। পরবর্তী সময়ে গণভবনে গিয়ে আব্বু নিজের কাছে ৪৪ বছর ধরে সযত্নে রাখা বঙ্গবন্ধুর যাবতীয় নথিপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্বুকে যে সৌজন্য দেখিয়েছিলেন, তা প্রশংসনীয়।
নির্বাচন কমিশনের সভায় আব্বু কয়েকবার ‘নোট অব ডিসেন্ট’ দেন। আব্বুর ভিন্নমতের কারণে সহকর্মীরা তাঁকে নাজেহাল করতেন। তিনি সেখানে ক্রমেই একঘরে হয়ে পড়ছিলেন। অনেকে আবার আব্বুর অসুস্থতা নিয়েও কটাক্ষ করতেন! আব্বুর বক্তব্য ছিল—একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। সরকারের কিছু লোক বলতে থাকেন যে কমিশনারদের মধ্যেকার মতভেদগুলো জনগণ কেন জানবে। কিন্তু আব্বু মনে করতেন, মতভেদগুলোকে সামনে আসতে হবে। আব্বু সদালাপী মানুষ ছিলেন, কথা দিয়ে মুগ্ধতা ছড়াতে পারতেন। সারা দিন অসুস্থ শরীরে অফিস করে বাসায় আসার পর তাঁর ম্লান মুখ চোখে পড়েছে। আমি জানতে চাইলে বলতেন, ‘মা, বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়ায় অনেক সংস্কারের প্রয়োজন।’
নির্বাচন কমিশনার হিসেবে আব্বুর মেয়াদকাল শেষ হয়ে যায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। অনেক দিন পর আবার আব্বুর অবসর জীবন! আমার মেয়ে দুটি গরমের ছুটিতে দেশে আসে। আমরা অনেক কিছু প্ল্যান করি। কিন্তু ২০২২ সালের জুলাইয়ের শুরুতে অসুস্থতা বেড়ে গিয়ে আব্বু হঠাৎ চলনশক্তি হারিয়ে ফেলেন। দুটি হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা শেষে তাঁকে বাসায় নিয়ে আসা হয়।
মৃত্যুর মাত্র তিন দিন আগে আব্বু প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান চাচা ও অন্যদের ডেকে নিয়ে ‘সন্তানসম’ বই নির্বাচননামা প্রকাশের বিষয়ে বিস্তারিত আলাপ করেন।
বইটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের মানুষ বইটিকে কীভাবে গ্রহণ করে তা দেখার খুব ইচ্ছা ছিল তাঁর। আমাকে বলতেন, ‘মা রে, বইটা কি দেখে যেতে পারব?’ আমার খুব কষ্ট হতো, কান্না লুকিয়ে বলতাম, ‘এসব কী বলো আব্বু! অবশ্যই দেখবে তুমি!’ কিন্তু সেটা তো আর হলো না! আমাদের চোখের পানিতে ভাসিয়ে গত বছরের ২৪ আগস্ট আব্বু অন্য এক জগতে পা বাড়ালেন!
আব্বুর শেষ ইচ্ছা ছিল মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর অন্তিম শয়ান হবে। আব্বুর মৃত্যুর পর আমি ছুটে গিয়েছিলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের কাছে। তিনি জানান, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একমাত্র প্রধানমন্ত্রীর সুপারিশে জায়গা পাওয়া যায়! কিন্তু চেষ্টা করেও আমরা সেই সুপারিশ পেতে ব্যর্থ হই। তাই বাধ্য হয়ে মিরপুরে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আব্বুকে কবর দিই। আব্বুর শেষ ইচ্ছাটা পূরণ না করতে পারার বেদনাটা আমার কোনো দিনই ঘুচবে না!
আইরীন মাহবুব, মাহবুব তালুকদারের জ্যেষ্ঠ কন্যা