বইমেলায় শহীদ দিবসের আবহ

বইমেলায় গতকাল ছিল অমর একুশের আবহ। তথ্যকেন্দ্র থেকে নতুন বইয়ের প্রচারের ফাঁকে ফাঁকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ বিভিন্ন দেশাত্মবোধক গান বাজানো হচ্ছিল। টিএসসি-শহীদ মিনার–সংলগ্ন এলাকার সড়ক ও ভবনের প্রাচীরে চলছে ঐতিহ্যবাহী নকশা আঁকার প্রস্তুতি। এসব নিয়েই গতকাল মেলা প্রাঙ্গণে ফিরে আসে মহান শহীদ দিবসের আবহ।

মেলার পশ্চিম পাশে উন্মুক্ত মঞ্চের ধারে তৈরি করা হয়েছে ‘লিটল ম্যাগাজিন’ কর্নার। সাহিত্যের ছোটকাগজগুলোর জন্য এখানে ১৩০টি স্টল বরাদ্দ করা হয়েছে। এসব স্টল আলাদা ধরনের। টানা ছাউনির তলায় লম্বা করে টেবিল পাতা। সেখানে প্রতিটি ছোট পত্রিকার জন্য একটি টেবিলের আকারে জায়গা বরাদ্দ। লিটল ম্যাগাজিন চত্বরে এ বছর লোকজন তেমন দেখা যায়নি। তবে গতকাল সন্ধ্যায় ভ্রমণবিষয়ক পত্রিকা ভ্রমণ গদ্যর মেলা উপলক্ষে প্রকাশিত নতুন সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে অনেক কবি-লেখকদের সমাবেশ ঘটেছিল এ চত্বরে। ২০১৮ সাল থেকে ভ্রমণবিষয়ক এই পত্রিকা প্রকাশিত হচ্ছে। ভ্রমণ গদ্যর সম্পাদক ও লেখক মাহমুদ হাফিজের সঞ্চালনায় লেখকেরা সংক্ষিপ্ত আলোচনা করলেন। তাঁদের মধ্যে ছিলেন কবি সাখাওয়াত টিপু, দিলদার হোসেন, ভ্রমণ লেখক মহুয়া রউফসহ অনেকে।

পরে মেলা সম্পর্কে সাখাওয়াত টিপু বললেন, একটা নতুন পরিস্থিতিতে এবার মেলা হচ্ছে। অনেক নতুন মুখ মেলায় আসছে। এটা ভালো লক্ষণ। সাহিত্যের ছোটকাগজগুলোর বিকাশের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এ ধরনের ছোটকাগজ ও ব্যক্তিগত গবেষকের উৎসাহিত করতে সরকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। জাতীয় গ্রন্থকেন্দ্র বিশেষ উদ্যোগ নিয়ে ছোটকাগজগুলো কিনতে এবং সংরক্ষণ করতে পারে। পাশাপাশি বাংলা একাডেমিও লিটল ম্যাগাজিনের সম্পাদক ও নবীন লেখকদের প্রশিক্ষণ এবং গবেষণামূলক প্রকল্প নিতে পারে।

গতকাল বইমেলার তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে ৭০টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে প্রথমা এনেছে বাদল সৈয়দের কিশোর উপন্যাস শত্রুছায়া, ঐতিহ্য এনেছে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামানের আত্মজীবনী জীর্ণ পাতা ঝরার বেলায়, বাতিঘর এনেছে রায়হান রাইনের উপন্যাস নিখোঁজ মানুষেরা, কথাপ্রকাশ এনেছে আকিমুন রহমানের গবেষণা গ্রন্থ বাংলা উপন্যাসের নায়কেরা, গ্রন্থকুটির এনেছে ড. বি কে চক্রবর্তীর প্রবন্ধ রবীন্দ্রনাথ: আলো-আধাঁর, বেঙ্গল বই এনেছে মো. আজিজুর রহমান লস্‌কর সম্পাদিত আমেরিকার আদিবাসীদের লোককাহিনি, অন্যপ্রকাশ এনেছে আল মাহমুদের নির্বাচিত ১০০ কবিতা, ইত্যাদি এনেছে সৈকত হাবিবের কবিতা সংগ্রহ, ভাষা প্রকাশ এনেছে ড. মিজান রহমানের লোকসাহিত্য–বিষয়ক বই লোকায়ত জীবনে ডাক ও খনার বচন, বিশ্বসাহিত্য ভবন এনেছে রকিবুল হাসানের প্রবন্ধ সংস্কৃতি পরম্পরা: অভিঘাত অভিজ্ঞান, তরফদার প্রকাশনী এনেছে আলতাফ পারভেজের রাজনীতিবিষয়ক ফেরেশতাদের শাসন, জ্ঞানকোষ এনেছে সুপর্ণা এলিস গমেজের মুক্তিযুদ্ধবিষয়ক গল্প নয় মাস। ছায়া প্রকাশন এনেছে চায়না পারভীনের কাব্যগ্রন্থ প্রতিক্ষা নক্ষত্রের চোখে। গতকাল বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল প্রথমার স্টলে ক্রেতাদের ভিড় ছিল যথেষ্ট। বিক্রয় প্রতিনিধিরা জানালেন, এবারের মেলায় প্রকাশিত শিবব্রত বর্মণের উপন্যাস শোধ এবং আগে প্রকাশিত আলী রীয়াজের ভয়ের সংস্কৃতি, জাভেদ হুসেনের উপন্যাস মির্জা গালিবের সঙ্গে দেখা বইগুলো ভালো বিক্রি হয়েছে।