ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি তুলে দেওয়ায় মার্কেটিং বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত শিক্ষার্থী গাড়ি চালানো শিখছিলেন বলে জানান
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি তুলে দেওয়ায় মার্কেটিং বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত শিক্ষার্থী গাড়ি চালানো শিখছিলেন বলে জানান

ঢাবিতে গাড়ি চালানো শিখতে গিয়ে ব্রেকের বদলে একসিলারেটরে চাপ, কয়েকজন শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

দুর্ঘটনা ঘটে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে। গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব।

দুর্ঘটনার পর তাঁকে আটক করে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, তিনি গাড়ি চালানো শিখছিলেন। ব্রেক চাপতে গিয়ে ভুল করে একসিলারেটরে চাপ দিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।

নিজেকে তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষকের ছেলে বলে পরিচয় দিয়েছেন। তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। কয়েকজন ব্যবসায় শিক্ষা অনুষদের ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাড়িটি দ্রুতগতিতে এসে প্রথমে একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজনকে আঘাত করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন। পরে সাদমান সাকিবকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

প্রক্টর অফিসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে দাবি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন বাদী হয়ে মামলা করে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টর ও সহকারী প্রক্টররা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ থানায় মামলা করা হবে।