
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তুলতে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় চালু হওয়া এ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ক্যাম্পাসের বিভিন্ন সেবা, নগদবিহীন লেনদেন ও ডিজিটাল নথি ব্যবস্থাপনাকে একটি প্ল্যাটফর্মে আনা হয়েছে।
সোমবার রাজধানীর গ্রিন রোডে ইউএপির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওয়ানকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।
ওয়ানকার্ডে একটি স্মার্ট কার্ডের পাশাপাশি রয়েছে ওয়ানআইডি অ্যাপ, ডিজিপে অ্যাপ, ডিজিপে মার্চেন্ট অ্যাপ ও ওয়ানকার্ড ভল্ট। এসব সেবার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যবহারকারীরা পরিচয়, লেনদেন ও ডিজিটাল নথি ব্যবস্থাপনা করতে পারবেন।
ইউএপি জানিয়েছে, ওয়ানআইডি অ্যাপ দিয়ে ডিজিটাল পরিচয় ও বিভিন্ন সনদ ব্যবস্থাপনাও করা যাবে। ডিজিপে অ্যাপের মাধ্যমে হিসাব ব্যবস্থাপনা ও নগদবিহীন লেনদেন করা যাবে। আর অংশগ্রহণকারী মার্চেন্টরা কিউআর কোড স্ক্যান করে লেনদেন গ্রহণ করতে পারবেন।
ওয়ানকার্ড ভল্টে সনদ, পরিচয়পত্র, ভর্তি-সংক্রান্ত চিঠি ও নম্বরপত্রের মতো যাচাইকৃত নথি নিরাপদে সংরক্ষণ করা যাবে।
প্রাথমিক পর্যায়ে ওয়ানকার্ডের আওতায় থাকছে উপস্থিতি, গ্রন্থাগার, ক্যানটিন, ডিজিটাল পরিচয় ও সনদ ব্যবস্থাপনার সেবা। পরে আরও বিভিন্ন ক্যাম্পাস সেবা এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ। তিনি বলেন, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ওয়ানকার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সেবা আরও দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক বলেন, ওয়ানকার্ড বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ইউএপির ডিজিটাল সেবা আরও শক্তিশালী হবে এবং আধুনিক ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ডিজিটাল পরিচয়, লেনদেন ও সনদ ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করেছে ওয়ানকার্ড। এতে ক্যাম্পাসের দৈনন্দিন কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে।
অনুষ্ঠানে ওয়ানকার্ডের বিভিন্ন সেবা নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব হয়। এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ওয়ানআইডি, ডিজিপে, ওয়ানকার্ড ভল্ট ও সমন্বিত লেনদেন ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ভবিষ্যতে ওয়ানকার্ডের সঙ্গে আরও বিভিন্ন সেবা যুক্ত করার সম্ভাবনার কথাও জানান রাশেদ মাহমুদ।
অনুষ্ঠানে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।