মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ ঘোষণার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। বুধবার রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানে এ দাবি করেন তাঁরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. এম এম শহিদুল হাসান ও বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড ছিল নির্মম ও ভয়াবহ। ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। পাঁচ থেকে ছয় লাখ নারীর সম্ভ্রম লুটে নেওয়া হয়েছিল। ১ কোটির বেশি মানুষ উদ্বাস্তু হয়েছিলেন। কাছাকাছি ধরনের ঘটনা বসনিয়া ও রুয়ান্ডাতে ঘটেছে, যেগুলো জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দিয়েছে। কিন্তু বাংলাদেশে ১৯৭১ সালে সে তুলনায় অনেক বেশি অপরাধ সংঘটিত হলেও, তা এখনো সেই স্বীকৃতি পায়নি।
বক্তারা ১৯৭১ সালের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিতে জাতিসংঘের কাছে দাবি করেন। পাশাপাশি এই স্বীকৃতি আদায়ের জন্য আরও বেশি গবেষণা ও লেখালেখির মাধ্যমে সোচ্চার হতে নতুন প্রজন্মের কাছে আহ্বান জানান।