
গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে (অভ্যন্তরীণ টার্মিনাল) উদ্বোধন করা হয়েছে ‘পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জ’। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে আধুনিক পরিবেশে সাজানো এই গ্রিন লাউঞ্জে রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা এবং আরামদায়ক আসনব্যবস্থা। পূবালী ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনা মূল্যে এই লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।
আনুষ্ঠানিকভাবে এই লাউঞ্জ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। গ্রিন লাউঞ্জ উদ্বোধনের মাধ্যমে ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতায় রূপান্তর করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। ভবিষ্যতেও গ্রাহকসেবায় পূবালী ব্যাংকের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।
এ সময় পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল, সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ করসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।