
১ ফেব্রুয়ারি রোববার প্রতীকী বইমেলা বসছে বাংলা একাডেমির নজরুল মঞ্চ চত্বরে। সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন হবে। চলবে সন্ধ্যা পর্যন্ত। একুশে বইমেলা সংগ্রাম পরিষদ এই মেলার আয়োজন করছে।
শনিবার আয়োজকদের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মেলায় ছোট–বড় অর্ধশত প্রকাশনা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন অংশ নেবে। মেলায় অমর একুশের গান, আবৃত্তি, নাটক ও বক্তৃতা চলবে সন্ধ্যা পর্যন্ত।
একুশের বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলা একাডেমি কর্তৃপক্ষ তথা সরকার অমর একুশে বইমেলার ধারাবাহিকতা, ইতিহাস ও ঐতিহ্য ভঙ্গ করে ১ ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এ সিদ্ধান্ত দেশের হাজার হাজার লেখক, শিক্ষার্থী, পাঠক, সৃজনশীল প্রকাশক, সংস্কৃতিকর্মীসহ ব্যাপক জনগণকে চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশের বইমেলা এ দেশের মানুষের স্বাধীনতা-স্বাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অর্জন। বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনাকে ধারণ করে প্রতিবছর মাসব্যাপী স্থায়ী অমর একুশে বইমেলা আড়ম্বরের সঙ্গে ১ ফেব্রুয়ারিতে শুরু হয়। ২০২৬ সালে নির্ধারিত সময়ে বইমেলা করতে না পারাটা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকারকেও প্রশ্নবিদ্ধ করে।
এদিকে শনিবার বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চের মেলার স্থান পরিদর্শন করেছেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটু, প্রকাশক ও লেখক সাইদ বারীসহ পরিষদের নেতারা।