বিজয়ের স্মৃতি—৪

বিজয়ের ভোরে

১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকেই নিশ্চিত হয়ে উঠতে শুরু করেছিল মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়। অংশগ্রহণকারীদের জবানিতে সেসব বিজয়দিনের কাহিনি।

কে এম সফিউল্লাহ
কে এম সফিউল্লাহ

১৬ ডিসেম্বর সূর্য উদিত হয় দখলদার বাহিনীর আত্মসমর্পণের প্রসঙ্গ নিয়ে। ১৫ ডিসেম্বর মিত্রবাহিনীর বোমাবর্ষণ সাময়িকভাবে বন্ধ করার জন্য লে. জেনারেল নিয়াজি স্বাক্ষরিত প্রস্তাবের সময়সীমা হচ্ছে ১৬ ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত। তদনুযায়ী একটি রেডিও-তরঙ্গ ব্যান্ড প্রতিষ্ঠা করা হয়।

নির্দিষ্ট সময়ের মধ্যে লে. জেনারেল নিয়াজিকে আত্মসমর্পণ করা বা না করা সম্পর্কে তাঁর সিদ্ধান্ত ওই ব্যান্ডে প্রচার করার শর্তারোপ করা হয়। অবরুদ্ধ পাকিস্তান পূর্বাঞ্চল কমান্ড চূড়ান্ত সময়সীমা আরও ছয় ঘণ্টা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করলে জেনারেল মানেকশ তাঁর সম্মতি সকাল ১০টার সময় বেতারযোগে অবহিত করেন।

পরিস্থিতি এখন দ্রুত মোড় নেয়। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের প্রধান স্টাফ অফিসার মেজর জেনারেল জেকব অপরাহ্ণ ঠিক একটার সময় আত্মসমর্পণের শর্তাবলি-সম্পর্কিত দলিল নিয়ে হেলিকপ্টারে ঢাকায় পৌঁছান।

ভারতীয় সেনাবাহিনীর বুলডোজারের পাশে ভ্যানগাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে চলেছেন মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালের ডিসেম্বরে, যশোরে

লে. জেনারেল নিয়াজি শর্তাবলিতে ২টা ৪৫ মিনিটে অনুস্বাক্ষর করলে আত্মসমর্পণ দলিলে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের সময়সূচি নির্ধারিত হয় ৪টা ৩০ মিনিট।

১টা ৪৫ মিনিটে ডেমরায় অবস্থানরত পাকিস্তানি সৈন্যরা সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বেলা দুইটায় ডেলটা সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার সাবেগ সিং আমাকে জানান যে মিত্রবাহিনীর ৫৭তম মাউন্টেন ডিভিশন থেকে তাঁর কাছে বার্তা এসেছে—বেলা ৩টা ৩০ মিনিটে কুর্মিটোলা বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে সম্মিলিত বাহিনীর প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরাকে স্বাগত জানানোসহ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৩১১তম মাউন্টেন ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার মিস্ত্রাও অনুরূপ সংবাদ আমাকে পৌঁছান। তাই মইনকে (জেনারেল মইনুল হোসেন চৌধুরী) দ্বিতীয় ইস্ট বেঙ্গল নিয়ে ঢাকার দিকে রওনা হওয়ার নির্দেশ দিয়ে আমি রওনা হই।

ডেমরা-ঢাকা সড়ক তখনো নিরাপদ নয়। পরাজিত শত্রু বাহিনী ভীতসন্ত্রস্ত, নার্ভাস হয়ে—আবার কখনো প্রতিশোধপরায়ণ হয়ে ট্রিগারের ওপর আঙুল রেখে বসে আছে। তার সৈন্যদের মাঝ দিয়ে আমার সহযাত্রী হিসেবে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য আমি ডেমরা এলাকার পাকিস্তানি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল খিলজিকে সঙ্গে নিলাম। প্রায় আড়াইটায় লে. কর্নেল খিলজির গাড়িতে করে পাকিস্তানি সৈন্যদের মধ্য দিয়ে রওনা হই এবং পাকিস্তানি সৈন্যদের গুলিতে বাধাপ্রাপ্ত হই। লে. কর্নেল খিলজির সহায়তায় সেই বাধা অতিক্রম করে ৩টা ৩০ মিনিটে বিমানবন্দরে পৌঁছাই। ঢাকা বিমানবন্দর যুদ্ধবিধ্বস্ত মাঠের আকার ধারণ করেছে। তবু বিজয় দিবসে এর মধ্যে স্বাগতসূচক মৃদু হাসির ঝলক যেন ফুটে উঠেছে।

সম্মিলিত বাহিনীর প্রধান লে. জেনারেল অরোরাকে যাঁরা সাদর সম্ভাষণ জানাতে এসেছেন, এঁদের মধ্যে লে. জেনারেল নিয়াজি হচ্ছেন সব দৃষ্টির কেন্দ্র। বিষণ্ন এবং অবদমিত তাঁর মুখাবয়ব। পরাজিত একজন সেনাপতিকে প্রত্যক্ষ করার মতো এ হচ্ছে এক অভিজ্ঞতা—এমন এক বিচিত্র অভিজ্ঞতা—যিনি যুদ্ধক্ষেত্রেই শুধু পরাজয়ের গ্লানি স্বীকার করেননি, যাঁর রয়েছে আরও এক লজ্জাকর গণহত্যার সদ্য অতীত ইতিহাসও।

আমাদের তেমন অপেক্ষা করতে হলো না। আকাশে দেখা গেল একটি হেলিকপ্টার বহর। টারমাকে অবতরণ করলেন সদলবলে জেনারেল অরোরা। তাঁর দলে রয়েছেন বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (অপারেশন) গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খোন্দকার। বিমানবন্দরের অনুষ্ঠানপর্ব শেষে আমরা রমনা রেসকোর্সের উদ্দেশে রওনা হলাম (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)।

রেসকোর্সে সমবেত বিশাল জনতার জয়ধ্বনি—জয় বাংলা—ধ্বনির মধ্যে আত্মসমর্পণ দলিলে সই করেন আমির আবদুল্লাহ খান নিয়াজি, লে. জেনারেল, মার্শাল ল প্রশাসক, জোন বি এবং কমান্ডার, ইস্টার্ন কমান্ড (পাকিস্তান) এবং জগজিৎ সিং অরোরা, লে. জেনারেল, অফিসার কমান্ডিং ইন চিফ, ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস ইন দ্য ইস্টার্ন থিয়েটার। তারিখ ১৬ ডিসেম্বর ১৯৭১।

এ হচ্ছে উত্সবের দিন। এ হচ্ছে আনন্দের দিন। এ হচ্ছে বিধাতার উদ্দেশে শুকরিয়া জ্ঞাপনের দিন। এ হচ্ছে একসমুদ্র রক্ত থেকে উত্থিত বাংলাদেশের বিজয় দিবস।

সূত্র: মুক্তিযুদ্ধে বাংলাদেশ, মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তম, অনুবাদ: সিদ্দিকুর রহমান, আগামী প্রকাশনী, ২০০৯

মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তম: সাবেক সংসদ সদস্য ও সেনাপ্রধান; একাত্তরের মুক্তিযুদ্ধকালে এস ফোর্সের কমান্ডার