প্রিয় পাঠক, প্রথম আলোতে নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনার লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। দেশে থাকুন কি বিদেশে—নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়: readers@prothomalo.com

দিনটা ছিল জানুয়ারির। উত্তরবঙ্গের শীত তখন হাড় কাঁপিয়ে দিত। শীতে অবশ্য আনন্দও কম ছিল না। খেজুরের রসের ভাপা আর চিতই পিঠার ধূম পড়ে যেত ছোট নানির বাড়িতে।
সেবার শীতেও আমরা ছোট নানির বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি, ঘরে ঢেকিতে ছাঁটা আটা আছে, কিন্তু খেজুরের রস নেই। মামা বলল, ‘নদীর পাড়ে খেজুরগাছ আছে। চল, খেজুরের রস পেড়ে নিয়ে আসি।’ আমার বয়স তখন ১১ বছর।
শীতের কামড় মনে হচ্ছিল শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়েছে। কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। খেজুরগাছ পাওয়ার জন্য আমি উত্তেজিত। সন্ধান পাওয়া গেল খেজুরগাছের। মামা বলল, ‘তুই নিচে দাঁড়িয়ে পাহারা দে, আমি রস পাড়ি।’
মামা শিম্পাজির মতো হাত দুটোকে পা বানিয়ে চার পায়ে উঠে গেল গাছে। মাটির ছোট একহাঁড়ি রস পেড়ে মামা নিচে নেমে এল। বলল, ‘আরও একহাঁড়ি লাগবে। তুই নিচেই দাঁড়িয়ে থাক।’
আমি বললাম, ‘তাড়াতাড়ি করো, গাছের মালিক আসতে পারে।’ রসের হাঁড়িটা আমার পাশে রেখে মামা গাছে উঠতে লাগল। আমি অবাক দৃষ্টিতে তার শিম্পাঞ্জিসুলভ গাছে ওঠা দেখতে লাগলাম। কিন্তু আমার বিস্ময়ে চিড় ধরিয়ে মামা বলল, রসের হাঁড়িটা কিসে যেন চাটছে রে!
তাকিয়ে দেখি, একটা লালচে রঙের কুকুরছানা। আরে, এ তো চোরের ওপর বাটপারি। মামাকে বললাম, ‘আমরা মালিককে ফাঁকি দিয়ে রস নিচ্ছি, আর ও আমাদের ফাঁকি দিয়ে রস খেয়ে নিচ্ছে।’ মামা গাছে বসে হাসতে লাগল।
মামা গাছ থেকে নেমে কুকুরটাকে ভালো করে দেখে বলল, ‘দ্যাখ, কুকুরটা শীতে কাঁপছে। ওর পেটেও অনেক খিদা।’
হাঁড়ি দুটো নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কুকুরছানাটিও আমাদের পিছু নিল। অগত্যা মামা ওকে ঘাড়ে তুলে নিল।
বাড়িতে এসে দেখি, চুলা জ্বালিয়ে আটা প্রস্তুত করা হয়েছে। ধানের শুকনো আঁটি বিছিয়ে বাড়ির সবাই আঙিনায় গোল হয়ে বসেছে। মাঝখানে আগুন জ্বালিয়ে ওম নিচ্ছে। নানি আর মামিরা চিতই পিঠা বানাতেই ব্যস্ত। আমরা হাজির হতেই বাড়ির ছোট ছোট ছেলেমেয়ে কুকুরছানাটিকে নিয়ে খেলতে শুরু করল। পিঠা তৈরি হতে লাগল। পিঠা খেতে খেতে একেকজন কুকুরটার একেক নাম রাখতে শুরু করল। মামা হেসে বলল, চিতই পিঠার নামে ওর নাম রাখা হোক চিতু।
এরপর নানিবাড়ি থেকে চলে এসেছি। অনেক দিন পারও হয়ে গেছে। পড়াশোনার চাপে বহুদিন নানিবাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। আমার সেই বয়সের ছোট্ট মনে চিতু জায়গা করে নিয়েছিল। প্রায়ই ওর কথা মনে পড়ত। পড়াশোনার চাপ কমতেই ছুটলাম নানিবাড়ির দিকে। সেখানে যাওয়ার আগে চিতুর জন্য কিছু খাবার কিনে নিলাম। চিতু নিশ্চয়ই এত দিনে অনেক বড় হয়ে গেছে।
দুই-তিন বছরের ব্যবধানে দুই–চার দিনের চেনা মানুষও অপরিচিত হয়ে আসে! অথচ কী আশ্চর্য! এত দিন পরও চিতু আমাকে বিন্দুমাত্র ভোলেনি। এ জন্যই বোধ করি ওরা মানুষের আদিতম একান্ত বন্ধু। আমি বাড়িতে ঢুকতেই চিতু দৌড়ে এল। লাফ দিয়ে উঠে এল আমার বুক অবধি। আমার হাত-পা চাটতে শুরু করল। পরের দুটো দিন চিতুর সান্নিধ্যে খুব আনন্দে কাটল আমার। চিতুও আমার সঙ্গে দিব্যি কাটিয়ে দিল।
এবার নিজের গন্তব্যে ফেরার পালা। গাড়িতে উঠতে যাব, দেখি চিতুও আমাদের সঙ্গে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। অনেক ছলচাতুরি করেও চিতুর অস্থিরতা কমাতে পারল না মামা। ঠিক হলো, চিতুকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু ভ্যানগাড়িওয়ালা কোনোমতেই চিতুকে তার ভ্যানে তুলবেন না। অবশেষে তাঁকে ৫০ টাকা বেশি দিলে তিনি রাজি হয়ে গেলেন। চিতুকে আমরা ভ্যানে তুলে রওনা দিলাম।
বিপত্তি ঘটল নদীর ঘাটে পৌঁছানোর পর। মাঝি কিছুতেই চিতুকে নৌকায় তুলতে দেবেন না। তিনি লাঠি দিয়ে চিতুর সঙ্গে হম্বিতম্বি শুরু করলেন। চিতু এবার পড়ে রইল নদীর পাড়ে। আমাদের নৌকা চলতে শুরু করল। কষ্টে আমার বুকের ভেতরটা তখন ফেটে যাচ্ছে। চিতুরও হয়তো তা–ই।
বেশ কয়টা বছর চলে গেছে। এসএসসি পরীক্ষা দিয়ে আমি ঘরে ফিরে এসেছি। বসে আছি। একটা ফোন এল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মামার কণ্ঠ। মামা জানাল, চিতুকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলেছে। মামা আরও বলল, মৃত্যুকালে চিতু হাঁ করে ছিল,; যেন পানি খেতে চায়।
মনটা ব্যথায় ভরে গেল। মনে পড়ে গেল চিতুকে কুড়িয়ে পাওয়ার দিনের কথা। ওর খেজুরের রস খাওয়ার ঘটনা। ছোট্ট একটা প্রাণী কীভাবে আপন করে নিয়েছিল আমাকে। এতগুলো বছর চলে গেছে। ওকে ভুলে যেতে পারিনি কিছুতেই।